জেলার লামার রুপসীপাড়ায় পাহাড়িদের ভূমি জবর দখলের প্রতিবাদে বুধবার সকালে স্থানীয়রা মানববন্ধন ও সমাবেশ করেছে। বান্দরবান প্রেসক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। জনসংহতি সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদসহ পাহাড়ি সংগঠনগুলোর শত শত নেতা-কর্মীরা ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয়।
পরে এক সমাবেশে বক্তারা বলেন, লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ২৯৪নং দড়দড়ি মৌজার পলিঝিড়ি এলাকায় পাহাড়ি জনগোষ্ঠীর দীর্ঘ দিন থেকে ভোগ দখল করা জমি স্থানীয় মুজিবুল হক মাস্টার গ্রুপের লোকজন জোরপূর্বক দখল করে নিয়েছে। সরকারের বিশেষ মহলের ইন্ধনে পার্বত্যাঞ্চলে পাহাড়ি জনগোষ্ঠীর ভূমি জবর দখলের প্রতিযোগিতা চলছে। সমাবেশে বক্তব্য রাখেন— জেলা জেএসএস’র সাধারণ সম্পাদক ক্যবা মং মারমা, জেলা জেএসএস সহ-সভাপতি চিংহ্লা মং চাক, জনসংহতি সমিতি মহিলা দলের সভানেত্রী ওয়াইচিং প্রু, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক নিত্যলাল চাকমা প্রমুখ।
