রাজধানীর আগারগাঁওয়ে টেলিভিশন বিস্ফোরণে এক দম্পতি গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন মুক্তার হোসেন (৩৮) ও তার স্ত্রী সালমা বেগম (২৮)। তাদের দু’জনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে পশ্চিম আগারগাঁওয়ের বিএনপি বাজার এলাকার ২ নম্বর রোডের একটি বাসার নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়।
দগ্ধ মুক্তার হোসেন বলেন, ২ নম্বর রোডের একটি বাসার নিচ তলায় তারা ভাড়া থাকেন। এলাকায় তার একটি ফার্মেসি রয়েছে। তিনি বলেন, বিকেলে তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন আর তার স্ত্রী ছিলেন রান্নাঘরে। এ সময় হঠাত্ ঘরের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তারা দু’জনেই দগ্ধ হন। তাদের একমাত্র ছেলে শাফিন (৬) বাসার বাইরে থাকায় সে বেঁচে যায়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, দগ্ধ দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আগুনে মুক্তারের শরীরের ৯৭ শতাংশ ও সালমার ৯৫ শতাংশ পুড়ে গেছে।
মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর ফায়ারম্যান আফজাল হোসেন বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায়। টিভি বিস্ফোরণ থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন।
