ব্রাহ্মণবাড়িয়া, ধোবাউড়া, বোয়ালমারী, দামুড়হুদাসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৯ জন মারা গেছেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে গত বুধবার সকালে বিলাল মিয়া (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। কাজীপাড়া মহল্লার তাজবিদুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মালিক মুখলেছুর রহমানের কাছে পাওনা টাকা চাইতে গেলে বিলালকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে রাখে। পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। সে কাজীপাড়ার দরগা মহল্লার কুদ্দুস মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকাবাসী মুখলেছুর রহমানের মেয়ে সুমি (৩০) ও ছেলে ইউবিনকে (২২) আটক করে পুলিশে সোপর্দ করেছে। মাদ্রাসার মালিক মুখলেছুর রহমান পলাতক।
মাদারীপুর
মাদারীপুর সদর উপজেলার সিকিনওহাটা গ্রামের একটি রাস্তার পাশ থেকে গতকাল বৃহস্পতিবার অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়েছে। মাদারীপুর সদর থানায় একটি মামলা হয়েছে।
ধোবাউড়া (ময়মনসিংহ)
ধোবাউড়া সদরে গত বুধবার রাতে তাবলীগ জামায়াতের মার্কাস মসজিদের মোয়াজ্জিন দীন মাহমুদ দেলোয়ার হোসেন (৬৫) দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রাতে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি দীন মাহমুদকে তার মেয়ের সঙ্গে মোবাইলে কথা বলিয়ে দেয়ার জন্য ডেকে নিয়ে ছুরিকাঘাত করে। ফরিদা ঢাকায় একটি গার্মেন্টসের কর্মী। আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে বারোটায় সে মারা যায়। সে গামারীতলা ইউনিয়নের গামারীতলা গ্রামের বাসিন্দা।
বোয়ালমারী (ফরিদপুর)
বোয়ালমারী উপজেলাধীন তেলজুড়ী গ্রামে আপন দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে আহত বড়ভাই মো. এনামুল শেখ (৫০) গত বুধবার সকালে চিকিত্সাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে নিহতের ছোট ভাই হেমায়েত শেখ, তার স্ত্রী ও দুই সন্তানকে আসামি করে বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা করেছেন।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ডের পাশের মাঠ থেকে গত বুধবার দুপুরে রানা (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে দামুড়হুদা থানা পুলিশ। সে দামুড়হুদা শহরের বনানীপাড়ার আব্দুল মজিদের ছেলে। লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
বড়াইগ্রাম (নাটোর)
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি ইউনিয়নের ভবানীপুর গ্রামে গত বুধবার দুপুরে বজ্রপাতে ঈমান আলী (৪০) নামে এক দিনমজুর নিহত ও অপর একজন আহত হয়েছেন। নিহত ঈমান আলী ভবানীপুর গ্রামের শাহাদত্ আলীর ছেলে। ভবানীপুর বিলে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে দিনমজুর ঈমান আলী ও সাহেব আলী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিত্সক ঈমান আলীকে মৃত ঘোষণা করেন ও আহত সাহেব আলী একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন আছে।
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা)
কুমিল্লার চান্দিনায় মাধাইয়া ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে আব্দুর রশিদ (৭০) নামে এক বৃদ্ধ নিহত ও আরো ২ জন আহত হয়েছেন। আহতরা হলেন- নিহত আব্দুর রশিদের স্ত্রী শ্যামলা বেগম (৫৫) ও শরীফ (২০)। বাড়ির পাশে গাছের ডাল কাটার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়। আব্দুর রশিদকে উদ্ধার করতে গিয়ে এ দু’জন আহত হয়েছেন। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
কাঠালিয়া (ঝালকাঠি)
কাঠালিয়ায় গত বুধবার সন্ধ্যায় ইতি রানী হাওলাদার (১৭) নামের এক কলেজ ছাত্রীর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। সে কাঠালিয়া সদরের মিষ্টি ব্যবসায়ী দুলাল চন্দ্র হাওলাদারের কন্যা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
গোপালপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইলের ধনবাড়ী থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার কয়ড়া বটতলা থেকে অজ্ঞাতনামা তরুণীর (২২) গলাকাটা লাশ উদ্ধার করে। ওসি মিজানুর রহমান জানান, দুর্বৃত্তরা তরুণীকে শ্লীলতাহানির পর গলা কেটে হত্যা করে লাশ ফেলে যায়।
