মেহেরপুর, সাতক্ষীরা, দিনাজপুর, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১২ ও আহত হয়েছেন ১৫ জন। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
মেহেরপুর
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে সদর উপজেলার আমঝুপি হাটের কাছে গত বুধবার বিকালে মোটরসাইকেলের ধাক্কায় ৪ স্কুল ছাত্রী মারাত্মক আহত হয়েছে। আহতরা হলো দিশা (১৫), কবিতা (১৫), আসমানি (১৪) ও স্বর্ণা (১৪)। তারা মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোটরসাইকেলটি আটক করা হয়েছে।
সাতক্ষীরা
সাতক্ষীরার দেবহাটা উপজেলার গরানবাড়িয়া এলাকায় গত বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় জাসদের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি দেবহাটা উপজেলার ঈদগাহ কাজীর মহল্লা গ্রামের আব্দুল মজিদের ছেলে। গাজীরহাট বাজারে যাওয়ার পথে গরানবাড়িয়ায় পেছন থেকে যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হন।
দিনাজপুর
খানসামা উপজেলার ভেড়ভেড়ি গ্রামে গত বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় যতীশ চন্দ্র রায় (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সে যোগেশ চন্দ্র রায়ের পুত্র। সাইকেলযোগে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ভটভটি তাকে পেছন থেকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হন। পরে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিত্সাধীন অবস্থায় সে মারা যান। এ ব্যাপারে কোতয়ালী থানায় ইউডি মামলা হয়েছে।
কুমিল্লা
ঢাকা-চট্টগ্রামের মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগণ্ডার তাকিয়া আমগাছ এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে হাইওয়ের পুলিশ কনস্টেবল কামরুজ্জামান (৩১) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় পিকআপের চালক ও হেলপার আহত হয়েছেন। নিহত কনস্টেবল কামরুজ্জামান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বেজুয়া গ্রামের আবদুল মালেক মাস্টারের ছেলে। তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ দুর্ঘটনা কবলিত পিকআপ ও কাভার্ডভ্যান আটক করেছে।
এদিকে কুমিল্লায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে গত বুধবার বিকালে বাবুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুলাল, শাহিন ও মনিরকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বিকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। বাসটি আটক করা হয়েছে।
মৌলভীবাজার
মৌলভীবাজারের রাজনগর-সিলেট মহাসড়কের গয়াসপুর এলাকায় গত বুধবার সিএনজি হাই এস মাইক্রোবাস ও সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২ জন নিহত ও আহত হয়েছে আরো ৪ জন। নিহতরা হলেন, সিএনজি চালক ও শিশু অংকন মালাকার। আহতরা হলেন, মুন্সিবাজার এলাকার অপূর্ব মালাকার (৩৬), প্রীতি মালাকার (৭), কল্পনা রানী মালাকারসহ (৩৪) গুরুতর আহতদের সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিএনজি চালকের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। মাইক্রোবাসের চালক পলাতক রয়েছে।
গৌরনদী (বরিশাল)
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল বাসস্ট্যান্ডে গত বুধবার বিকালে একটি পত্রিকাবাহী পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান ফকির (২২) নিহত হয়েছে। সে সালতা গ্রামের কাদের ফকিরের ছেলে ও খাঞ্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে।
ছাতক (সুনামগঞ্জ)
সিলেট-সুনামগঞ্জ সড়কের তকিরাই-নোয়াগাঁওয়ে গত বুধবার সকালে প্রাইভেট কারের ধাক্কায় রুনা বেগম নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সে তকিরাই গ্রামের সোনা মিয়ার কন্যা ও আব্দুল জব্বার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। পুলিশ প্রাইভেটকারটি আটক করেছে।
গোদাগাড়ী (রাজশাহী)
রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে গত বুধবার সকালে মোমেনা খাতুন (৭) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সে গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ মেলাপাড়া গ্রামের আতাউর রহমানের মেয়ে। মোমেনা খাতুন সুলতানগঞ্জ কাচারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
মিরসরাই (চট্টগ্রাম)
চট্টগ্রামের মিরসরাইয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত ও দুই জন আহত হয়েছে। নিহতরা হলেন মায়ানী ইউনিয়নের মসজিদিয়া গ্রামের উপেন্দ্র কুমার নাথের পুত্র বিঞ্চু চন্দ্র নাথ (২৫) এবং অজ্ঞাত (২৫)। আহতরা হচ্ছেন সিএনজি অটোরিকশা চালক সাইফুল (২৬) ও অজ্ঞাত এক যাত্রী। তাদের দুই জনের অবস্থা আশংকাজনক।
শিবচর (মাদারীপুর)
মাদারীপুরের শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কের বাখরেরকান্দি এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে ট্রাকচাপায় বাচ্চু হাওলাদার (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর গ্রামের মান্নান হাওলাদারের ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
