সংবাদ সংক্ষেপ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৩
সুন্দরগঞ্জে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা\ উপজেলায় অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। জানা গেছে, গত বুধবার বাংলাদেশ শিক্ষক সমিতির সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে স্থানীয় অডিটরিয়াম হলে ২০১০ ও ২০১১ সালে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৮২ জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন— উপজেলা আ’লীগ সভাপতি মঞ্জরুল ইসলাম লিটন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহম্মেদ, আ’লীগ মহিলা বিষয়ক সম্পাদক খুরশিদ জাহান হক স্মৃতি প্রমুখ। শ্রীপুরে আকমল হত্যার বিচার দাবিতে মিছিল শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা \ গত বুধবার দুপুরে মাগুরার শ্রীপুরে আওয়ামী লীগ নেতা আকমল হোসেন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলের নেতা-কর্মীরা। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সদস্য সচিব মোঃ আখেরুজ্জামান-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ হাসানুজ্জামান হান্নান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আকিব জাভেদ মিঠু প্রমুখ। আদিতমারীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পুরস্কার বিতরণ আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি (সেকায়েপ) প্রকল্পের আওতায় গত বৃহস্পতিবার লালমনিরহাটের আদিতমারী কান্তেশ্বর বর্মন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধ্যক্ষ শামসে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থাগারিক আলম বাদশা ও মানারাত কেজি স্কুলের অধ্যক্ষ আবু জাফর। কাঠালিয়ায় দুই গাঁজা সেবনকারীর জেল কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়ায় শামিম খান (১৮) ও সোহাগ খান (১৮) নামের দুই গাঁজা সেবনকারিকে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার এসআই মোঃ আঃ সালামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আমুয়া বন্দরের উত্তর পাড় এলাকায় গাঁজা সেবন অবস্থায় শামিম খান ও সোহাগ খানকে গ্রেফতার করে। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন মাদক আইনে গাঁজা সেবন ও বহনের দায়ে শামিম খানকে ৪ মাস ও সোহাগ খানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। বেলকুচিতে মাছের পোনা অবমুক্ত বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ বেলকুচিতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে বেলকুচি উপজেলার বানিয়াগাঁতী বিলে রুই, কাতল ও মৃগেল জাতীয় মাছের ৯২৫ কেজি পোনা অবমুক্ত করেন উপজেলা মত্স্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন মত্স্য সম্পসারণ কর্মকর্তা ফরিদুল ইসলাম, সহকারী মত্স্য কর্মকর্তা গিয়াস উদ্দিন, মত্স্যজীবী শাহাদত্ বিশ্বাস প্রমুখ। বাঞ্ছারামপুরে যুব উন্নয়নের ঋণ বিতরণ বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গত বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ঋণ বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার ৩৭ জন সদস্যদের মধ্যে ৩ লক্ষ ৪৪ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ই আ ম মাসুদ মজুমদার, উপজেলা মত্স্য কর্মকর্তা মোঃ আবুল কাশেম এ সময় উপস্থিত ছিলেন । ছাতকে মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্ব হস্তান্তর ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া গত বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন। মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে উপজেলা কমান্ডের দায়িত্ব গ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসার আইনুর আক্তার পান্না। এ সময় মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার পিয়ারা মিয়া, পৌর কমান্ডার অজয় ঘোষ, সহকারি কমান্ডার রজব উদ্দিন, আব্দুল কাইয়ূম, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, লাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। করিমগঞ্জে মহিলা পরিষদের কর্মীসভা করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ গত বুধবার বিকালে বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক মাস ২০১৩ উপলক্ষে করিমগঞ্জ উপজেলা মহিলা পরিষদের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভানেত্রী সাহিদা আক্তার খানমের সভাপতিত্বে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা মহিলা পরিষদের সভানেত্রী সুলতানা কামাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহানারা ইসলাম প্রমুখ। আড়াইহাজার পৌরসভার বাজেট পেশ গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নবগঠিত আড়াইহাজার পৌরসভার প্রথম বাজেট গতকাল বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। পৌর মেয়র হাবিবুর রহমান পৌর মিলনায়তনে (২০১৩-২০১৪) অর্থ বছরের জন্য ৬ কোটে ৩৪ লক্ষ ১২ হাজার ৯৭২ টাকার বাজেট পেশ করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া খান, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। কটিয়াদীতে ব্র্যাকের মহিলা ফোরামের সমাবেশ কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর আওতায় মহিলা সংগঠন উপজেলা মহিলা ফোরামের উদ্যোগে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান লায়ন মো: আলী আকবর। সংগঠনের সভাপতি আফসানা বাবলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন ইউএনও ফারাহ গুল নিঝুম, মহিলা ভাইস-চেয়ারম্যান রেজিয়া আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা আসমা আক্তার প্রমুখ। কিশোরগঞ্জে নউকের প্রশিক্ষণ কর্মশালা কিশোরগঞ্জ প্রতিনিধি \ বেসরকারি উন্নয়ন সংস্থা নারী উদ্যোগ কেন্দ্রের (নউক) গার্ল পাওয়ার প্রজেক্টের উদ্যোগে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার নিকলী উপজেলা পরিষদের সভাকক্ষে সমাপ্ত হয়। প্ল্যান বাংলাদেশের আর্থিক সহযোগিতায় শিশু অধিকার, শিশু সুরক্ষা ও জেন্ডার সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন নিকলীর ইউএনও মুহম্মদ হাবিবুর রহমান। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন গার্ল পাওয়ার প্রজেক্টের টেকনিক্যাল অফিসার এ এফ এম সাইদুর রহমান। কাউখালীতে নতুন দিনের অ্যাডভোকেসী সভা কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের কাউখালীতে গতকাল বৃহস্পতিবার কনসার্ন উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্টের আয়োজনে মাকেটিং ইনোভেশন ফর হেলথ প্রকল্পের ”নতুন দিন” এর এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকল্প পরিচালক রোকেয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক লুত্ফর রহমান। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসান হাবিব, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম প্রমুখ। মুন্সীগঞ্জে ইয়াবাসহ মাদক সম্রাট খোকা গ্রেফতার মুন্সীগঞ্জ প্রতিনিধি \ গত বুধবার পাঁচঘরিয়াকান্দি এলাকা থেকে মাদক সম্রাট জসিম উদ্দিন খোকাকে ৪শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। খোকা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। খোকা রমজান বেগ এলাকার আব্বাস মাতবরের পুত্র। সুলতানপুরে বিনামূল্যে চক্ষু শিবির চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চান্দিনা ও দেবিদ্বার উপজেলাবাসীর চোখের চিকিত্সার জন্য দেবিদ্বার উপজেলার সুলতানপুরে বিনামূল্যে চক্ষু চিকিত্সা শিবির অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের পরিচালক মো. হারুন-অর রশীদ সরকার, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, সাংবাদিক মামুনুর রশিদ সরকার প্রমুখ। চক্ষু চিকিত্সা শিবিরে সহযোগিতা করেন দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন এন্ড দি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট, অসএইড। ফেনীতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ পরশুরাম (ফেনী) সংবাদদাতা \ ফেনী সেন্ট্রাল হাই স্কুলের মেধা ও এসবিএ বিষয়ে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। ফেনী সেন্ট্রাল হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক নুরুল করিম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির ফেনী জেলা সভাপতি ডিএম একরামুল হক, ফেনী প্রেসক্লাব সভাপতি মীর হোসেন মীরু প্রমুখ। বাগমারায় গাঁজা চাষী ও সেবনকারীর জেল বাগমারা (রাজশাহী) সংবাদদাতা \ রাজশাহীর বাগমারায় গাঁজা সেবন ও গাঁজা চাষের অভিযোগে দুইজনের সাজা দেয়া হয়েছে। আদালত তাদের ছয় মাসের করে সাজা দেয়। সাজাপ্রাপ্তরা হলেন সাইপাড়ার মাদকসেবী স্বপন কুমার (২৪) ও জামগ্রামের গাঁজা চাষী বাচ্চু মিয়া (৪৫)। জানা যায়, উপজেলার সাইপাড়া গ্রামের স্বপন কুমার দীর্ঘদিন ধরে নেশা করে আসছিল। তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে নেশাকরা অবস্থায় তাকে পুলিশে দেয় পরিবারের লোকজন। রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। হাসিবুর রহমান হাসিবকে সভাপতি ও হাফিজুর রহমান ভুঁইয়া সজীবকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটির অনুমোদন দেন ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটি। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি আনোয়ার পারভেজ টিপু, যুগ্ম-সম্পাদক সোয়েব আহাম্মেদ সোহাগ, ফয়সাল সিকদার ও সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটি গত ৯ সেপ্টেম্বর রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের পূর্বের কমিটি বাতিল করে নতুন এ কমিটি ঘোষণা করেন। বড়াইগ্রামে দুলুর মুক্তির দাবিতে মিছিল বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নিঃশর্ত মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বড়াইগ্রাম উপজেলা বিএনপি। গত বুধবার সমাবেশে উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান পাঠানের সভাপতিত্বে প্রধান বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ একরামুল আলম। সমাবেশে অন্যান্যের মধ্যে মাঝগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল আলীম প্রমুখ। মহেশপুরে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ গত বুধবার ছাত্রলীগের বার্ষিক সম্মেলন-২০১৩ অনুিষ্ঠত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি এমএ আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শফিকুল আজম খান (চঞ্চল)। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের সভাপতি আজিজুল হক আজা, লিটন মাহমুদ, আঃ সামাদ, শরিফুল ইসলাম, বিএম সেলিম রেজা, মুক্তার হোসেন, আনিচুর রহমান প্রমুখ। কালিয়াকৈরে মহিলাসহ ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি \ কালিয়াকৈর থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে উপজেলার পূর্ব মৌচাক এলাকায় অভিযান চালিয়ে মহিলাসহ ৩ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মুন্নী ইসলাম (৩৫), সেলিনা আক্তার প্রভা (২৬) ও মোঃ জাফর আলম (৩৪)। তাদের কাছ থেকে ২১৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম জানান। থানায় মামলা হয়েছে। ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ রোধে ক্যাম্পেইন ঠাকুরগাঁও প্রতিনিধি \ ‘কুড়িতে কুড়ি না বিশের আগে বিয়ে নয়’। এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ বিরোধী র্যালি, আলোচনা সভা ও মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার মাধবরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হবিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোর্শেদ আলী খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ব্র্যাক জেলা প্রতিনিধি আখতার হোসেন প্রমুখ। নাগরপুরে নকল ওষুধসহ ১ জন গ্রেফতার নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা\ টাঙ্গাইলের নাগরপুরে নকল ওষুধসহ এক ব্যবসায়ীকে গত বুধবার গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। জানা যায়, উপজেলার মীরনগর গ্রামের মোঃ বেলায়েত হোসেন (৩৫) দীর্ঘদিন যাবত্ নাগরপুরের বিভিন্ন স্থানে ফেরি করে নকল ওষুধ বিক্রি করে আসছিল। নাগরপুর থানা এস আই মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় সোর্স নিয়ে উপজেলার তেবারিয়া বাজার থেকে বেলায়েতকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বিশেষ আইনে মামলা দায়ের করে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে। শিক্ষার্থীদের মাঝে এঞ্জেল অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি\ জাপানের স্বেচ্ছাসেবী সংস্থা ইন্টারন্যাশনাল এঞ্জেল অ্যাসোসিয়েশন গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নয়াগোলা ও মাসুদ উল হক উচ্চবিদ্যালয় এবং শিবগঞ্জ উপজেলার রাণীহাটি, রাধাকান্তপুর, ধোবড়া ও পাঁকানারায়নপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীদের মাঝে ২ হাজার টাকা করে ১ লাখ ২০ হাজার টাকার ছাত্র কল্যাণ বৃত্তি প্রদান করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল এঞ্জেল অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম অফিসার হাবিবুর রহমান, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাণীহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন ।