আগামী অক্টোবরেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্থায়ী পে-কমিশনের ঘোষণা আসছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সঙ্গে এক বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। এছাড়া বর্তমান সরকারের মেয়াদেই মহার্ঘ ভাতার ঘোষণা দেয়া হবে।
অর্থমন্ত্রী বলেন, আগামী মাসেই স্থায়ী পে-কমিশনের গেজেট প্রকাশ করা হবে। আমাদের আমলেই মহার্ঘ ভাতা দিয়ে যাব।
এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, মন্ত্রিসভার অনুমোদন পাওয়া আর্থিক প্রতিবেদন আইন-২০১৩-এর বিল সংসদের চলতি অধিবেশনেই উপস্থাপন করা হবে।
গতকালের বৈঠকে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, মহাসচিব এম এ আলীম প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে নেতৃবৃন্দ জানান, দেশে মোট ৪৬ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ রয়েছে। তারা মাসে ভাতা পান মাত্র ২ হাজার ১শ’ টাকা। অন্যদিকে একজন মহল্লাদার মাসে ভাতা পান ১ হাজার ৯শ’ টাকা। এ সামান্য ভাতা দিয়ে তাদের সংসার চলাটা ভীষণ কষ্টকর। নেতৃবৃন্দ তাদের মাসিক ভাতা বৃদ্ধি, অবসরকালীন পাওনা ও রেশন প্রদানের দাবি জানান।
