বাংলাদেশ-ভারত বন্দি বিনিময় চুক্তি অনুমোদনের পর

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৬
পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি হলেও এখনো বন্দি বিনিময় শুরু হয়নি। চুক্তিটি আমাদের মন্ত্রিপরিষদ অনুমোদন করার পরই বন্দি বিনিময় কার্যক্রম শুরু হবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান। বিকাল পাঁচটা পাঁচ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। বিরোধী দলের অনুপস্থিতিতে নুরুন্নবী চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ-ভারত বন্দি বিনিময় চুক্তি গত ২৮ জানুয়ারি স্বাক্ষরিত হয়। ভারত ইতিমধ্যে চুক্তিটি অনুস্বাক্ষর করেছে। বাংলাদেশ সরকারের অনুসমর্থনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। চুক্তিটি আইন মন্ত্রণালয়ে ভেটিং-এর জন্য পাঠানো হয়েছে। ভেটিং-এর পর তা অনুস্বাক্ষরের জন্য মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিপরিষদের অনুমোদনের পরই দু’দেশের মধ্যে বন্দি বিনিময় শুরু হবে। বিদেশি কারাগারে চারশ’ বাংলাদেশি বন্দি এবিএম আশরাফউদ্দিন নিজানের লিখিত প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী জানান, ভারত, থাইল্যান্ড এবং মিয়ানমারসহ পাশের দেশগুলোর কারাগারে প্রায় ৪০০ জন বাংলাদেশি বন্দি রয়েছেন। বিদেশের কারাগারে বন্দি বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। দেশে অবৈধ শরণার্থী পাঁচ লাখ ! অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালীর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, কক্সবাজারের কুতুপালং এবং নোয়াপাড়া শরণার্থী ক্যাম্পে অবস্থানরত তালিকাভুক্ত মিয়ানমারের শরণার্থী সংখ্যা ২৪ হাজার ৯০২ জন। এদের সঙ্গে বসবাসরত তালিকা বহির্ভূত শরণার্থীর সংখ্যা চার হাজারের বেশি। দেশে অবস্থানরত মিয়ানমারের অন্যান্য নাগরিকরা শরণার্থী হিসাবে নিবন্ধিত নয়, তারা অবৈধ অনুপ্রবেশকারী এবং এদের সঠিক কোন পরিসংখ্যান নেই। তবে অনুমান করা যায় এ সংখ্যা পাঁচ লাখ হবে। মন্ত্রী জানান, শরণার্থীদের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন। এ পর্যন্ত দুই লাখ ৩৬ হাজার ৫৯৯ জন শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। ‘মাদাম তুশো জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতী থাকা প্রয়োজন’ নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পৃথিবী বিখ্যাত ইংল্যান্ডের মাদাম তুশো জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতী বর্তমানে নেই। তবে আমি মনে করি থাকা প্রয়োজন। ওই জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতী স্থাপনের ব্যাপারে সংস্কৃতি মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও লন্ডনস্থ হাইকমিশন এ সংক্রান্ত পদক্ষেপ বাস্তবায়ন করবে। এছাড়া এ, এন, মাহফুজা খাতুন বেবী মওদুদের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৫০২ জন কর্মকর্তা ও কর্মচারী কর্মরত রয়েছেন।