বগুড়ায় পুলিশের অস্ত্র কেড়ে নেয়ার চেষ্টাকালে গুলিবিদ্ধ হয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজা খাতুন শেফালীর ছেলে ইমন (২৬)। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বগুড়া শহরের শেরপুর রোডে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, রাত দেড়টার দিকে এমপি পুত্র ইমন মদ্যপ অবস্থায় মোটরসাইকেলের পেছনে এক নারীকে নিয়ে শহরের শেরপুর রোড ধরে যাচ্ছিলেন। বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর কারণে টহল পুলিশ পিটিআই মোড়ে তাকে থামায়। এতে ক্ষিপ্ত হয়ে ইমন কর্তব্যরত পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হন। তাকে নিবৃত্ত করতে অন্য সদস্যরা এগিয়ে গেলে তিনি এক পুলিশ সদস্যের অস্ত্র কেড়ে নেয়ার চেষ্টা করেন। এসময় এক পুলিশ সদস্য তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তার ডান পায়ে গুলি লাগে। সেই অবস্থায় ইমনকে আটক করে পুলিশ।
বিষয়টি জানতে পেরে খাদিজা খাতুন শেফালী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ছেলেকে ছাড়িয়ে নেন। পরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে তাকে চিকিত্সা করানো হয়। এবিষয়ে শেফালীর সাথে যোগাযোগের চেষ্টা করে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ সহিদ আলম বলেন, বেপরোয়া গাড়ি চালানোর কারণে পুলিশ তাকে আটক করে। এমপির সুপারিশে তাকে ছেড়ে দেয়া হয়েছে। তবে সেখানে গুলি করার কোন ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।
