প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে রানা প্লাজা ধসে গুরুতর আহত আরো ১০ গার্মেন্টস কর্মীকে আর্থিক সহায়তা দিয়েছেন। চলতি বছরের ২৪ এপ্রিলে এই মর্মান্তিক ভবন ধসের ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই সহায়তা দেয়া হয়। প্রধানমন্ত্রী গতকাল তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে এক অনুষ্ঠানে ভবন ধসে পঙ্গু হয়ে যাওয়া ১০ গার্মেন্টস শ্রমিককে ১ কোটি ৫ লাখ টাকার সঞ্চয়পত্র দেন। এই দুর্ঘটনার পর মানবিক সেবার স্বীকৃতি হিসেবে ২২টি হাসপাতাল ও ক্লিনিককে ১ কোটি ৪২ লাখ ১৪ হাজার টাকা প্রদান করেন। পরে প্রধানমন্ত্রী তাঁর ত্রাণ তহবিলের জন্য বিভিন্ন সংস্থার অনুদান গ্রহণ করেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তথ্য সচিব মোর্তুজা আহমেদ তাদের মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দফতরের একদিনের বেতনের চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একদিনের বেতনের চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এছাড়া বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুল সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেয়া অন্যান্য সংস্থা হচ্ছে, ফরেন অফিসার’স ওয়াইভস এসোসিয়েশন কমিউনিটি ক্লিনিক প্রজেক্ট ও থার্মেঙগ্রুপ।
