ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী তার দলের নির্বাচনী শ্লোগান উন্মোচন করেছেন। আগামী বছর অনুষ্ঠিতব্য লোকসভা নির্বাচনের প্রচারাভিযানের শুরুতে রাহুল নতুন এই শ্লোগান দেশবাসীর সামনে তুলে ধরেন। গতকাল বৃহস্পতিবার রাজস্থানের উদয়পূর অঞ্চলে আয়োজিত এক জনসভায় কংগ্রেসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই নেতা বলেন, আগের শ্লোগান ‘আধা রুটি খাও, কংগ্রেসকে ভোটে জেতাও’ এর পরিবর্তে নতুন শ্লোগান হবে ‘পুরো রুটি খাব, একশদিন কাজে যাব, কংগ্রেসকে জেতাবো’। খবর জি নিউজের।
অপেক্ষাকৃত দারিদ্রপীড়িত ওই অঞ্চলে রাহুল গান্ধী মূলত কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায়ের চেষ্টা করেন। তিনি খাদ্য নিরাপত্তা এবং ভূমি সংক্রান্ত অনেক প্রতিশ্রুতি দেন। পার্লামেন্টের বিরোধী দলগুলোকে এই কংগ্রেস নেতা ‘গরীব-বিরোধী’ বলে অভিযোগ করেন। তিনি বলেন, বিরোধী দল কেবল চায়, দেশের স্থাপনাগত উন্নয়ন হোক, রাস্তাঘাট-বিমানবন্দর উন্নত হোক। কিন্তু কংগ্রেস চায় গরীবের ভাগ্যের উন্নয়ন হোক।
