হেফাজত নেতাদের সঙ্গে অস্ট্রেলীয় ডেপুটি হাইকমিশনারের বৈঠক

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০০
বাংলাদেশে অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার টিম বলটনিকস গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতাদের সাথে মতবিনিময় করেছেন। প্রায় ৪৫ মিনিট স্থায়ী বৈঠকে অস্ট্রেলীয় ডেপুটি হাইকমিশনারকে বাংলাদেশে কওমী মাদ্রাসাসমূহের কার্যক্রম, হেফাজতে ইসলামের ১৩ দফা, নারী সম্পর্কে হেফাজতে ইসলামের দৃষ্টিভঙ্গীসহ বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়। তবে গত ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচি সম্পর্কে টিম কিছু জানতে চাননি বলে বৈঠক সূত্র জানায়। অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার বাংলাদেশের কওমী মাদ্রাসাসমূহে শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন। নীতি ও আদর্শের সাথে সাংঘর্ষিক না হলে হেফাজতে ইসলাম এসব সহযোগিতাকে স্বাগত জানাবে বলে হেফাজত নেতারা তাকে জানান। নগরীর জামেয়াতুল উলুম আল ইসলামিয়া লালখানবাজার মাদ্রাসায় বিকাল সাড়ে ৪টায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী প্রমুখ।