মাওয়া-কাওড়াকান্দি নৌপথে এখনো ফেরি চলাচল ব্যাহত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০২
তীব্র স্রোতে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে বৃহস্পতিবারও ফেরি চলাচল ব্যাহত হয়। সচল ১৬টি ফেরির মধ্যে সকাল থেকে মাত্র ৩টি ফেরি দিয়ে কোন রকমে সার্ভিস চালালেও বিকালে ১০টি ফেরি দিয়ে সার্ভিস সচল রাখা হয়। বাকি ৬টি ফেরির ইঞ্জিনের গতি কম থাকায় ফেরিগুলো বন্ধ রাখা হয়েছে। যে ফেরিগুলো চলছে সে ফেরিগুলোও স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি সময় নিয়ে পারাপার করছে। ফলে উভয় পাড়ে সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট। বুধবার বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. খন্দকার শামসুদ্দোহা মাওয়া পরিদর্শন শেষে বিআইডব্লিউটিসিকে একটি শক্তিশালী টাগ বোট দিয়েছে ফেরির সাথে বেঁধে চালানোর জন্য। মাওয়াস্থ বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক এসএম আশিকুজ্জামান জানান, মাওয়ায় পদ্মায় এখনো প্রচণ্ড স্রোত। ফলে ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না। বুধবারের চেয়ে যানজট এখন কিছুটা কমেছে। এখনো দুই পাড়ে ৮ শতাধিক যান পারাপারের অপেক্ষায় আছে।