আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধি সংশোধন করবে নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার শেরে বাংলানগরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।
তিনি বলেছেন, প্রয়োজন হলে আমরা তফসিল ঘোষণার আগে আচরণবিধি সংশোধন করব। যেহেতু তফসিল ঘোষণার পরে আচরণবিধি কার্যকর হয়, সেহেতু আচরণবিধি সংশোধনের জন্য যথেষ্ট সময় আমাদের হাতে রয়েছে।
সংসদ সদস্য পদ লাভজনক কিনা জানতে চাইলে শাহ নেওয়াজ বলেন, ‘আমরা তফসিলের আগে লাভজনক পদের একটি তালিকা প্রকাশ করব। এদের ব্যাপারে করো আপত্তি থাকলে আমরা ব্যবস্থা নেবো।’
আগামী নির্বাচনে রিটার্নিং অফিসার কারা থাকছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা এটা নিয়ে কোন কাজ করছি না। গত কয়েকটি নির্বাচনে ডিসিরা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছে। আমরা ভাবছি ডিসিদের সাথে আমাদের কোন অফিসার দেয়া যায় কিনা।
রাজনৈতিক বিবেচনায় নির্বাচনী কর্মকর্তা নিয়োগ হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আমাদের চাহিদা মতো জেলা কর্মকর্তাদের কাছে লোক চাই। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা প্রয়োজনের চেয়ে বেশি লোককে প্রশিক্ষণ দিই। তাদের তালিকা প্রকাশের পর কারো আপত্তি থাকলে তাদের কিছু লোককে কমিশন সরিয়ে দেয়।’
