বটিয়াঘাটায় সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় নিহত ১

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৬
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় উপজেলার জলমা ইউনিয়নের তেতুলতলা গ্রামে একজন নিহত এবং ৬ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত দুইটার দিকে এক দল সশস্ত্র লোক তেতুলতলা গ্রামের আলী আহম্মদের বাড়িতে হামলা চালায়। বাড়ির লোকজন ডাকাত সন্দেহে চিত্কার দিয়ে আক্রমণকারীদের বাধা দিতে গেলে রাম দা ও ছুরিকাঘাতে জালাল আকনের পুত্র জাহাঙ্গীর আকন (৪৫), রেজাউল করিম (৩২), বাদশা মিয়া (৩৫), রিপন উদ্দিন (৩০), হেমায়েত আলী (৪০), ফাতেমা বেগম (৬০) ও শান্তি বেগম (৩০) গুরুতর জখম হন। তাদের চিকিত্সার জন্য খুলনায় নেয়ার পথে জাহাঙ্গীর আকনের মৃত্যু ঘটে। ফাতেমা বেগমের মাথা মারাত্মক জখম হয়েছে। রিপনের হাত পায়ের রগ এবং রেজাউলের জিহ্বা কেটে দেয়ায় তাদের অবস্থা আশংকাজনক। গতকাল বিকালে জাহাঙ্গীরের লাশ তার বাড়িতে দাফন করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। থানার ওসি এনামুল হক ইত্তেফাককে বলেন, এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আটক করার চেষ্টা চলছে।