মানবাধিকার সংস্থা অধিকার-এর সম্পাদক আদিলুর রহমানকে মুক্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোর একটি জোট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা একটি চিঠিতে তারা এ আহবান জানিয়েছে। প্রধানমন্ত্রীকে দেয়া চিঠি ও আদিলুরের মুক্তি সংক্রান্ত একটি বিবৃতি গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশে মানবাধিকারের পক্ষে কাজ করা সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে গত ১০ আগস্ট গ্রেফতার করা হয়। কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতন, মুক্ত মত প্রকাশের অধিকার, সভা সমাবেশ করার অধিকার লংঘনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ‘অধিকার” ও আদিলুর রহমান খান প্রচারণা চালিয়ে আসছেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নির্যাতন ও হয়রানির বিষয়েও আদিলুর রহমান ও তার সংস্থা কথা বলেছিলো বলে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বলা হয়েছে। চিঠিতে আন্তর্জাতিক সংস্থাগুলো আদিলুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করারও আহবান জানিয়েছে।
প্রধানমন্ত্রীর কাছে লেখা চিঠিতে হিউম্যান রাইটস ওয়াচ, ওয়ার্ল্ড ওর্গানাইজেশন এগেনেস্ট টর্চার (ওএমসিটি), এশিয়া প্যাসিফিক রিফুইজি রাইটস নেটওয়ার্ক (এপিআরপিএন), এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর), এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট (ফোরাম-এশিয়া), এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল), বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম), কম্বোডিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস, ক্যাসটান সেন্টার ফর হিউম্যান রাইটস ল, মনাশ বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়াসহ প্রায় ৩০ মানবাধিকার সংগঠনের নির্বাহী ও পরিচালকরা স্বাক্ষর করেন।
