কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৯
আদালতের রায় মেনে শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত। দুনিয়ার কোনো শক্তি নাই নির্বাচন ঠেকাতে পারে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রলীগের দ্বিতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, সংবিধান সংশোধন হয়েছে সুপ্রীম কোর্টের রায়ে। বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে। তিনি বলেন, খালেদার ঘাড়ে ভর করে আছে হেফাজত ও জামায়াত। তাদের পরামর্শ ছাড়া বেগম খালেদা জিয়া চলতে পারছেন না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে দাবি করে মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে দেশে অন্ধকার নেমে আসবে। মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হবে। তাদের ঘরে বন্দি করবে হেফাজত। রুয়েট মিলনায়তনে রুয়েট ছাত্রলীগের আহ্বায়ক হারুন অর রশিদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সহ-সভাপতি কাজী আনোয়ার হোসেন, নুরন্নবী প্রধান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান প্রমুখ।