ঢাকা থেকে পালিয়ে আসা স্কুল ছাত্রীকে সেনবাগ থেকে উদ্ধার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৯
ঢাকা থেকে পালিয়ে আসা স্কুল ছাত্রীকে (১৪) গত বুধবার সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগ উপজেলার পূর্ব লালপুর গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের প্রেমিক আনোয়ার হোসেন টিপু পুলিশ আসার কথা শুনে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাবিলপুর ইউপির পূর্ব লালপুর গ্রামের আনোয়ার হোসেন টিপুর (২৫) সঙ্গে ঢাকার দক্ষিণখান এলাকার গাঁওআইল উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীর সঙ্গে দুই বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। টিপুর খোঁজে মেয়েটি গত সোমবার ঢাকা থেকে পালিয়ে সেনবাগের লালপুর গ্রামে আসে। মেয়েকে না পেয়ে মা মাকছুদা বেগম গত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন দক্ষিণখান থানায় একটি অপহরণ মামলা করেন। এই মামলার সূত্র ধরে গত বুধবার ঢাকার মেট্রোপলিটন দক্ষিণখান থানা পুলিশের একটি দল সেনবাগে আসে। পরে ঢাকা ও সেনবাগ থানার পুলিশ ওই স্কুলছাত্রীকে উপজেলার পূর্ব লালপুর গ্রামের আবদুল জলিলের বাড়ি থেকে উদ্ধার করে। এব্যাপারে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ভিকটিমকে উদ্ধারের পর পুলিশ বুধবার রাতেই তাকে ঢাকা নিয়ে গেছে।