ভাঙ্গুড়ায় হামলায় ছাত্রলীগ নেতাসহ গুলিবিদ্ধ ৭

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৯
পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় রেলের জায়গা দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পৌর ছাত্রলীগের আহ্বায়ক আরিফ আহমেদসহ ৭ জন গুলিবিদ্ধ হয়েছে। অন্যরা হলেন- ছাত্রলীগ নেতা মানিক, আতুবুদ্দিন, মনিরুল, রিপন, আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলাম ও আজিজ প্রামাণিক। পুলিশ জানায়, বুধবার গভীর রাতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. লোকমান হোসেন ও জাপার (এ) পৌর সভাপতি হাজী আব্দুল ওয়াহেদ নিজ দলের লোকজন নিয়ে ভাঙ্গুড়া ইউনিয়ন হাই স্কুল গেটের সামনে রেলের জায়গা দখল নেয়ার চেষ্টা করেন। এসময় আব্দুল ওয়াহেদ তার লাইসেন্স করা শর্টগান দিয়ে গুলি চালালে ৭ জন আহত হন। ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য প্রকল্পের প্রশাসক ডা. শাহাদত হোসেন বলেন, আহতদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় সবাইকে বৃহস্পতিবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওসি সুব্রত কুমার সরকার জানান, আব্দুল ওয়াহেদ ও তার পুত্র ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। লোকমান হোসেন ভাঙ্গুড়া থানায় মামলা করেছেন। লোকমান হোসেন বলেন, জায়গাটি দীর্ঘদিন ধরে তার দখলে রয়েছে; কিন্তু আব্দুল ওয়াহেদ দাবি করেন, রেলের ঐ জায়গাটির কাগজপত্র তার নামে।