মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান নিয়ে

বাইসাইকেল চালিয়ে ৬৪ জেলা ভ্রমণ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৩০
মাদকমুক্ত সমাজ গড়ার শ্লোগান নিয়ে বাইসাইকেল চালিয়ে বাংলাদেশের ৬৪ জেলা সফরের অংশ হিসেবে গত ৬ সেপ্টেম্বর সিলেটে আসেন দুই অভিযাত্রী ছোটন সরকার ও রামপ্রাসাদ মালাকার নয়ন। সিলেট তাদের ৪৩তম জেলা। বৃহস্পতিবার বিকেলে সিলেটে এসে পৌঁছায় এই অভিযাত্রী দল। শুক্রবার পর্যন্ত তারা সিলেটে অবস্থান করে। এসময় জাফলংসহ বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে দেখে তারা। এর আগে তারা সুনামগঞ্জ জেলা ভ্রমণ করে। নয়ন পাবনা জেলার সদর উপজেলার দিলালপুর গ্রামের নারায়ণ চন্দ্র মালাকার ও নমিতা রানী মালাকারের ছেলে এবং ছোটন একই গ্রামের রবিন্দ্রনাথ সরকার ও অনুরানী সরকারের ছেলে। এ বছরের এইচএসসি পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। ছোটন ও নয়ন জানায়, বন্ধু-বান্ধব বিশেষ করে যুবসমাজের মাদকাসক্তি ও সমাজে মাদকের ছড়াছড়ি দেখে নিজ উদ্যোগেই তারা ৬৪ জেলায় বাইসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। ১ আগস্ট শুরু হওয়া তাদের এই অভিযাত্রায় প্রতিটি জায়গায় প্রশাসনসহ সর্বস্তরের লোকজন তাদের অনুপ্রেরণা দিচ্ছে এবং সহযোগিতা করছে। নয়ন ও ছোটন এই দুই সাইক্লিষ্ট যেখানেই যাচ্ছে লোকজনকে তারা মাদক ও মাদকের পরিণাম সম্বন্ধে সচেতন করছে। পানের দোকান থেকে স্কুল প্রতিষ্ঠান সর্বত্রই তারা মাদক সম্বন্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এই দুই সাইক্লিষ্ট জানায়, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তারা তাদের অভিযাত্রা শেষ করার চেষ্টা করবে। এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে। প্রথম ধাপে শুরু হওয়া এই অভিযাত্রায় সফল হলে পরবর্তীতে তাদের এ্যাভারেস্টে যাওয়ার স্বপ্ন রয়েছে এই দুই অভিযাত্রীর।