সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের রি-কল প্রকল্পের বাস্তবায়ন নিয়ে এক এডভোকেসি কর্মশালা গত ২১ আগষ্ট বুধবার পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে। ইকোনোমিক এমপাওয়ারমেন্ট অব দি পুওরেষ্ট ইন বাংলাদেশ (ইইপি) নামে এ প্রকল্পটির অধীনে পিরোজপুর জেলার নাজিরপুর ও জিয়ানগর উপজেলার সাতটি ইউনিয়নে ৪৫০০ উপকারভোগীদের এ কার্যক্রমের মাধ্যমে নানা সহযোগিতা দেয়া হচ্ছে। ইউকেএইড-সিঁড়ি, অক্সফ্যাম ও ডাক দিয়ে যাই প্রকল্পটি বাস্তবায়ন কাজে সহযোগিতা করছে। অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু অভিযোজন, নেতৃত্ব ও শিখরের মাধ্যমে হতদরিদ্র জনগোষ্ঠীকে ঘাতসহিষ্ণু করে তোলা নামের এ প্রকল্পের কাজ হচ্ছে অতি দরিদ্রদের জীবন-জীবিকার সাথে খাপ খাওয়ানো। পাঁচ বছর মেয়াদী এ প্রকল্পের মধ্যবর্তী পর্যায়ের অগ্রগতি মূল্যায়ন মূলক এ এডভোকেসি কর্মশালার প্রধান অতিথি ছিলেন ইইপির প্রকল্প পরিচালক ও সরকারের যুগ্মসচিব মোঃ আসাদুল ইসলাম। পিরোজপুরের জেলা প্রশাসক অনল চন্দ্র দাসের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছাড়াও আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মানিক হার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত মান্নান, উপ-পরিচালক (কৃষি) নাসিরউদ্দীন খান, অক্সফ্যাম প্রতিনিধি এম আক্তার প্রমুখ।
