আন্তর্জাতিক সাক্ষরতা দিবস প্রাক্কালে বগুড়ায় সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) এর উদ্যোগে ‘‘শিক্ষার আলোয় সুশাসন, নিশ্চিত হবে উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুপ্র সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার একটি বাস্তবসম্মত গণমুখি শিক্ষানীতি প্রণয়ন করেছে। এই শিক্ষানীতি দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। যার ফল ইতোমধ্যেই জাতি পেতে শুরু করেছে। সম্পদের সীমাবদ্ধতার কারণে এর পূর্ণাঙ্গ বাস্ত্তবায়নে সময় লাগবে। শতভাগ শিক্ষিত জাতি গঠন করতে পারলে গণতন্ত্র অর্থবহ, সুশাসন ও জাতীয় উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত হবে। এজন্য তিনি দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তবেই আমরা বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে চলতে পারব।
