গল্প নয় সত্যি

সত্যিকারের সিংহপুরুষ!

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২০:০৮
শহরতলীর কোনো বাজারে কেনাকাটা করতে গেলে কত মানুষের সঙ্গেই তো দেখা হয়। সেই সাথে চলতি পথে দেখা মিলতে পারে কুকুর কিংবা বিড়ালের মতো দু’একখানা নিরীহ প্রাণীর সাথেই। তবে এমনই কোনো বাজার এলাকায় যদি হুট করে চোখে পড়ে হুংকার ছেড়ে ঘুরতে থাকা কোনো সিংহ শাবক, তাহলে মাথা ঠান্ডা রেখে সেখানে দাঁড়িয়ে থাকার লোকই বোধকরি খুঁজে পাওয়া মুশকিল হবে। যদিও সম্প্রতি এমনই এক পরিস্থিতিতে একখানা সিংহ শাবককে নিজের গাড়ির পেছনের সিটে কৌশলে আটকে রেখে রীতিমতো তারকা বনে গেছেন নাম প্রকাশ না করা কুয়েতের এক ব্যক্তি। আর তার এই সাহসিকতার বদৌলতেই সেদিন কুয়েত সিটির কাছে অবস্থিত বায়ান শহরতলীতে সিংহের হামলা থেকে বেঁচে গেছেন বহু মানুষ। ঘটনার বিবরণে জানা যায়, সেদিন বায়ানের বাজার এলাকায় যখন সবাই নিজের মতো কেনাকাটায় ব্যস্ত তখনই হুট করে সেখানে আবির্ভাব ঘটে সিংহ শাবকটির। মুহূর্তের মধ্যেই কিংকর্তব্যবিমূঢ় হয়ে এখানে সেখানে ছুটতে শুরু করেন উপস্থিত মানুষেরা। তবে এর মাঝে নিজের মাথা ঠান্ডা রেখে এক যুবক ঠিকই তার গাড়ির পেছনের সিটে সিংহ শাবকটিকে উঠতে প্রলুব্ধ করেন। শুধু তাই নয়, সিংহটি যেন গাড়ি ছেড়ে বেরিয়ে আসতে না পারে তা নিশ্চিত করার জন্য তিনি নিজেও জীবনের ঝুঁকি নিয়ে উঠে বসেন গাড়ির সামনের দিকের আসনে। সাথে সাথে বিষয়টি ফোন করে অবহিত করেন স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকেও। এ সময় গাড়ির ভেতরের অংশের সিট ও অন্যান্য অংশ থাবা দিয়ে ক্ষতিগ্রস্থ করলেও কৌশলী ওই যুবক নিজেকে অক্ষত রাখতে সক্ষম হন। আর এর কিছুক্ষণ পরই পুলিশ এসে উদ্ধার করে সিংহ শাবকটিকে যা পরে দেশটির কৃষি ও মত্স্য সম্পদ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, কুয়েত এবং এর আশেপাশের অনেক আরব দেশেই আভিজাত্যের প্রতীক হিসেবে ধনী ব্যক্তিরা বাঘ ও সিংহের মতো প্রাণীকে গৃহপালিত পশু হিসেবে লালন পালন করেন। ঘটনার অন্যতম চরিত্র সিংহ শাবকটিও এমনই কোনো ধনী ব্যক্তির ব্যক্তিগত আশ্রয় থেকে পালিয়েছিল বলে ধারণা পুলিশের। এদিকে এই ঘটনার পর পুলিশের দেওয়া এক বিবৃতিতে পুলিশ সবাইকে ভবিষ্যতে এ ধরনের প্রাণী বাড়িতে রাখার বিষয়ে সতর্ক করে দিয়েছে।