সড়ক দুর্ঘটনায় নিহত ৬

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩০
সিরাজগঞ্জ, গাইবান্ধা, বগুড়া, দিনাজপুরসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ ও আহত হয়েছেন ২৯ জন। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। সিরাজগঞ্জ সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের মহিষলুটি এলাকায় গতকাল শুক্রবার সকালে মাইক্রোবাসের চাপায় মনোয়ারা বেগম (৩২) নামে এক গৃহবধূ নিহত ও আরো পাঁচজন আহত হয়েছে। সে তাড়াশ উপজেলার দেবীপুর গ্রামের ফরহাদ হোসেনের স্ত্রী। রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস মনোয়ারাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাইবান্ধা গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া-গাইবান্ধা সড়কের উত্তম বাজার এলাকায় গত বৃহস্পতিবার রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় তারা মিয়া (৫৫) নামের এক পথচারী মারা গেছেন। তারা মিয়া উপজেলার পদুমশহরের মৃত মফিজউদ্দিনের ছেলে। গুরুতর আহত তারা মিয়াকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। বগুড়া বগুড়ার চেলোপাড়া নারুলী রেল ক্রসিংয়ে ট্রেন এবং সিএনজি অটোরিকশার সংঘর্ষে গত বৃহস্পতিবার অজ্ঞাতনামা এক মহিলা নিহত ও আরো চারজন আহত হয়েছে। দিনাজপুরগামী দোলানচাঁপা এক্সপ্রেস নারুলী এলাকা পার হওয়ার সময় সিএনজি চালিত একটি অটোরিকশা রেললাইনের উপর উঠলে ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা মহিলা নিহত হয় এবং সিএনজি চালকসহ ৪ জন গুরুতর আহত হয়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুর দিনাজপুর-রংপুর মহাসড়কের বটতলী এলাকায় গত বৃহস্পতিবার দুপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ১০ জন শিক্ষার্থীকে হাবিপ্রবি’র চিকিত্সা কেন্দ্রে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। গাংনী (মেহেরপুর) স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান নসিমন উল্টে ৫ মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলার চৌগাছা মোল্ল¬াপাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন মাহিরন (৫৫) ও সাতারুল (৩০), সন্ধ্যামনি (২৫), খোকন (৩২), নিছারন (৪০), আফতাব (৪৮), রুমা খাতুন (২৫), রহিদুল (২৬), শাহজাহান (৪০) ও রঙ্গিলাকে (৩২) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাকসাম (কুমিল্লা) কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফয়েজগঞ্জ এলাকায় গত বৃহস্পতিবার রাতে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ সহোদরসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম পেরুল গ্রামের মৃত গৌরাঙ্গ ভৌমিকের ছেলে রিংকু ভৌমিক (৪৫), সিএনজি চালক সাইফুল ইসলাম (৩৮) ও তার ভাই অহিদুর রহমান (৩৩)। নিহত সাইফুল ও অহিদুর লাকসাম উপজেলার কান্দিরপাড় গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে।