তেরখাদা-খুলনা সড়কে টেম্পো স্ট্যান্ড, দুর্ভোগ পথচারীদের

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৭
তেরখাদা উপজেলার প্রাণকেন্দ্রে তেরখাদা-খুলনা সড়কের ওপর অবৈধভাবে টেম্পোস্ট্যান্ড গড়ে ওঠায় পথচারীদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভুক্তভোগীরা জানান, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে টেম্পো চালকরা তেরখাদা উপজেলার প্রাণকেন্দ্রে ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে তেরখাদা-খুলনা সড়কের ওপর অবৈধভাবে টেম্পো রেখে যাত্রী ওঠানামা করে। কাক ডাকা ভোর থেকে শুরু হয়ে রাত ৯/১০টা পর্যন্ত বিরতিহীনভাবে সড়কের উপরে টেম্পো চালকরা টেম্পো রেখে যাত্রী ওঠানামা করে। তাছাড়া সারাদিন হর্ণ বাজিয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটায়। তেরখাদা-খুলনা সড়কটি এমনিতেই সরু এরপর আবার দুইপাশে দোকান স্থাপিত হয়েছে। সারাদিন এ সড়ক দিয়ে পথচারী, ক্রেতাসাধারণ, যাত্রী এবং কোমলমতি ছাত্র-ছাত্রীরা চলাচল করে। এ পর্যন্ত টেম্পোর ধাক্কায় অনেক ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ আহত হয়েছে। অনেকে হয়েছে পঙ্গু। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সড়কের উক্ত স্থানে দারুণ যানজটের সৃষ্টি হয়। তথাপি টেম্পো চালকরা কোন নিয়মনীতি মানে না। বহুবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তেরখাদা-খুলনা সড়কের উপর থেকে টেম্পোস্ট্যান্ড অপসারণ করার সিদ্ধান্ত নেয়া হলেও তা আজও বাস্তবায়িত হয়নি।