শচীনের শেষ টেস্ট পাকিস্তানের বিপক্ষে চান আকরাম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৯
পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম জানিয়েছেন তার আশা শচীন টেন্ডুলকার যেন নিজের শেষ টেস্টটি কলকাতায় পাকিস্তানের বিপক্ষে খেলে বিদায় নেন। গতকাল বৃহস্পতিবার তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বিশ্বের সর্বাধিক রানের মালিক টেন্ডুলকারের বয়স এখন ৪০। এই বছরের শেষের দিকে দেশের মাটিতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের ইতিহাসে সর্বোচ্চ ২০০ ম্যাচ খেলার রেকর্ড গড়তে চলেছেন এই ব্যাটিং জিনিয়াস। ক্যারিবীয় দলটি ইতোমধ্যে এ ব্যাপারে সম্মতি দিয়েছে। গুঞ্জন আছে আগামী বছরের শুরুর দিকে টেন্ডুলকার সকল ঘরানার ক্রিকেট থেকে অবসর নেবেন। ১৯৮ টেস্টে ৫১ সেঞ্চুরি নিয়ে পনেরো হাজার আটশ’ সাইত্রিশ রান এবং ৪৬৩ ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরিসহ আঠারো হাজার চারশ’ ছাব্বিশ রানের মালিক টেন্ডুলকারকে সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান মনে করা হয়। ১৯৮৯ সালে করাচিতে টেন্ডুলকারের অভিষেক ম্যাচে খেলা ওয়াসিম মনে করেন তার বিদায়ী ম্যাচ পাকিস্তানের বিপক্ষেই হওয়া উচিত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তার বিদায়ী টেস্ট নিয়ে একটি কাল্পনিক দৃশ্য এঁকেছি নিজে নিজে— দুই দেশের হাজার হাজার উত্সুক দর্শকের সামনে কলকাতার ইডেন গার্ডেনের মাঠে ভারত খেলছে পাকিস্তানের বিপক্ষে। টেন্ডুলকারের জন্য এটাই হবে সর্বোত্তম বিদায় সংবর্ধনা।’ ভারতীয় গণমাধ্যম ধারণা করছে, এই বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করতে পারে ভারত এবং এর পরিবর্তে পাকিস্তানকে দুই টেস্টের সংক্ষিপ্ত সফরের জন্য সেদেশেকে আমন্ত্রণ জানাবে। ২০০৭ সালের পর থেকে চিরপ্রতিদ্বন্দ্বি এই দুটি দেশ একে অপরের বিরুদ্ধে কোনো পূর্ণাঙ্গ সিরিজ খেলেনি। আর গত আগস্ট মাসে সীমান্তে ১১ ভারতীয়ের মৃত্যুর ঘটনায় শীতল অবস্থা বিরাজ করছে দেশ দুটির মাঝে। তাই এই দুই দেশের মধ্যে ক্রিকেট সিরিজ আয়োজন আরো জটিল হয়ে উঠেছে। এর মধ্যে আবার ১৭ সেপ্টেম্বর ভারতে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগে খেলার কথা পাকিস্তানের ফয়সালাবাদ উলভসের। কিন্তু ভারত গতকাল পর্যন্ত তাদের ভিসা দেয়নি। এই পরিস্থিতিতে ওয়াসিম আকরাম খেলাকে রাজনীতি থেকে আলাদা রাখার আহবান জানিয়েছেন। ১৯৯৯ সালে ভারত সফরে যাওয়া পাকিস্তান দলের নেতৃত্ব দেয়া আকরাম বলেন, ‘দুই দেশের মানুষকে পরস্পরের কাছাকাছি আনার কাজটি করার সামর্থ্য আছে ক্রিকেটের।’ তিনি এ প্রসঙ্গে জানিয়ে রাখেন যে, শচিন পাকিস্তানেও ব্যাপকভাবে সম্মানিত।