সিরি এ’র হাইভোল্টেজ ম্যাচে আজ শিরোপাধারী জুভেন্তাস মুখোমুখি হচ্ছে ইন্টার মিলানের। আর সানসিরোতে স্বাগতিকদের মুখোমুখি হবার আগে জুভেন্তাস অধিনায়ক জিয়ানলুইজি বুফন সতীর্থদের সতর্ক করে দিয়ে বলেছেন, এ মৌসুমে ইন্টারই তাদের শিরোপা জয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এদিকে দিনের অন্য ম্যাচে এসি মিলান তুরিনোর আতিথেয়তা নেবে।
আন্দ্রিয়া স্ট্রারামাচ্চিরোনির অধীনে হতাশাজনক এক মৌসুম কাটানো ইন্টারের এ মৌসুমের শুরুটা হয়েছে দারুণ। গত বছর নবম স্থানে থেকে লিগ শেষ করা ক্লাবটি এবার ওয়াল্টার মাজ্জারির অধীনে জয় পেয়েছে তাদের প্রথম দুটি লিগ ম্যাচেই। আর তাই নাজ্জুরিদের গত বছরের পারফরম্যান্স নয় বরং তাদের সামগ্রিক ইতিহাসকেই বড় করে দেখতে চাইছেন বুফন। ইতালির বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক বলেন, ‘ইন্টারের প্রতি আমাদের শ্রদ্ধার কোন ঘাটতি নেই। সুতরাং, তাদের হালকাভাবে নেয়ার কোন প্রশ্নই ওঠে না। তাদের সঙ্গে মাজ্জারির মতো দারুণ একজন কোচ রয়েছে। তাছাড়া, তারা এ মৌসুমে শুধু সিরি এ’র দিকেই মনোযোগী থাকবে (ইন্টার এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারছে না)। সুতরাং, তারা বছর জুড়েই অন্যদের পেছনে লেগে থাকবে এবং কোন সন্দেহ নেই তারা স্কুডেটোর অন্যতম দাবিদার।’
সিরি এ’র ইতিহাসে সবচেয়ে সফল দুটি দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে থাকবে ‘ওল্ড লেডি’ই। সর্বশেষ ১০ ম্যাচে তিনটি হারের বিপরীতে পাঁচটিতেই জয় পেয়েছে তারা। তাছাড়া সানসিরোতেও সর্বশেষ তিনটি ম্যাচের দুটিতেই জয় পেয়েছে বুফনের দল। আর গত বছরের দু’দলের সর্বশেষ লড়াইয়েও ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
