আর্সেন ওয়েঙ্গার জানিয়েছেন আর্সেনাল কোচ হিসেবে নিজের ভবিষ্যত্ নির্ভর করছে চলতি মৌসুমে দলটি কতটা সাফল্য বয়ে আনতে পারে তার ওপর। অপরদিকে মেসুত ওজিল জানিয়েছেন তার আগমনে শিরোপা খরা ঘুচতে পারে ইংলিশ ক্লাবটির। ওয়েঙ্গারের সাথে আর্সেনালের বর্তমান চুক্তি শেষ হবে ২০১৩-১৪ মৌসুম পর্যন্ত। ৬৩ বছর বয়সী এই কোচ ১৯৯৬ সালে প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সাথে চুক্তিবদ্ধ হন। ওয়েঙ্গারের বিশ্বাস তার দলকে অবশ্যই সফল হতে হবে, নইলে তিনি বেকার হয়ে পড়তে পারেন। যদিও জার্মানির মিডফিল্ডার মেসুত ওজিলকে লন্ডনের ক্লাবটির ইতিহাসে সবচাইতে বেশি অর্থ ব্যয়ে চুক্তি করানোর পর তিনি আবার নতুন উদ্যমেই শক্তিশালী দল গড়েছেন। তিনি এও মনে করেন যে ক্লাব যে বিপুল অর্থ ব্যয় করেছে তা কতটা ফেরত আসে সেটাও বিবেচ্য বিষয় হবে।
প্রিমিয়ার লিগে আজ শনিবার সান্ডারল্যান্ডের মাঠে খেলতে যাওয়ার আগে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মুখ্য হয়ে উঠেছিল এই কোচটির ভবিষ্যত্। তার কাছে জানতে চাওয়া হয়েছিল ক্লাবের সাথে চুক্তি নবায়ন নিয়ে কথাবার্তা শুরু করেছেন কিনা। জবাবে আর্সেন বলেন,‘আমাদের তাড়া নেই। আমরা এখন সেপ্টেম্বরে আছি এবং আমার চুক্তি শেষ হবে জুনে। এখনো অনেক সময়। কাজেই পরিকল্পনার দরকার নেই।’ আর্সেনাল ২০০৫ সালে এফএ কাপ জয়ের পর গত আট মৌসুমে আর কোন ট্রফি জেতেনি। এ কারণেই তিনি এবার দলকে শক্তিশালী করার দিকে জোর দিয়েছেন। তাছাড়া তিনি জানেন সমর্থকরাও সাফল্যের জন্য কতটা কাঙ্গাল হয়ে আছেন। এ কারণেই ওয়েঙ্গার বলেন,‘আমি বহুবার বলেছি আমি ক্লাবটিতে ভাল করতে চাই। এরপর আমি বসে দেখবো এবং ভাববো দল নিয়ে আমি কতটা ভাল করতে পেরেছি। সেটাই আমার ভবিষ্যতের হা কিংবা না ঠিক করবে।’
ওজিল অবশ্য মনে করেন তিনি ক্লাবটির আট মৌসুমের শিরোপা খরা ঘুচাতে পারবেন। শুধু তাই নয় তার নতুন দলটি বার্কলেস প্রিমিয়ার লিগে এবার শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। রিয়াল মাদ্রিদ থেকে উত্তর লন্ডনে আসাকে নিজের ক্যারিয়ারের ক্রমাবনতি বলেও মানতে নারাজ ওজিল। এ ব্যাপারে তিনি বলেন,‘আমি হতাশ নই। আমি এখন আর্সেনালে যা কিনা বিশ্বের অন্যতম বড় ক্লাব। অবশ্যই মাদ্রিদে আমার খুব ভাল সময় কেটেছিল। সেখানে আমার অনেক ভাল বন্ধু আছে এবং অনেক ভাল স্মৃতিও ছিল। এখন আমি বিশ্বের সবচাইতে শক্তিশালী লিগে এসেছি এবং আমার নিজেকে প্রমাণ করতে হবে যে আমি এখানেও ভাল নৈপুণ্য দেখানো অব্যাহত রাখতে পারবো। সেজন্যই আমি সঠিক ক্লাবটিতে এসেছি।’
স্পানিশ লিগ ছেড়ে আসা ওজিল রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে তার প্রতি সম্মানহানিরও অভিযোগ তোলেন। এমনিতেই ওজিলকে ছেড়ে দেয়ার বিষয়টি স্পেনে সমালোচিত হয়েছে। এমনকি মাদ্রিদের ক্লাবটির সমর্থকদের অধিকাংশও এ ব্যাপারে তার দ্বিমতের কথা জানিয়েছেন। অসন্তোষ ব্যক্ত করেছেন তার সাবেক দলসঙ্গীরাও। এর মধ্যে আছেন খোদ ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি ক্লাবের এ সিদ্ধান্তে প্রকাশ্যেই তার হতাশার কথা জানিয়েছেন।
