বেলের অভিষেক হতে যাচ্ছে আজ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫১
এ গ্রহের সবচেয়ে দামি ফুটবলার গ্যারেথ বেলকে আজ শনিবার স্প্যানিশ ফুটবল লিগের খেলায় ভিলারিয়ালের মাঠে নামিয়ে অভিষেক করাবে রিয়াল মাদ্রিদ। বিশ্বকাপ বাছাইয়ের জন্য মাঝে কয়েকদিনের বিরতির পর লা লিগার শিরোপাধারী বার্সেলোনাও মাঠে নামবে এদিন। বেল ১০ কোটি ইউরোর বিনিময়ে টটেনহাম থেকে রিয়াল মাদ্রিদে এলেও ইনজুরির কারণে আগের ম্যাচটিতে নামতে পারেননি। লা লিগায় এ মৌসুমে নিজেদের চতুর্থ ম্যাচ খেলার জন্য ভিলারিয়ালের মাঠে যাবে রিয়াল মাদ্রিদ। রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি ওয়েলশ খেলোয়াড়টির নিয়মিত একাদশে নামা নিশ্চিত না করলেও বলেন, ‘আজ বেল আমাদের সাথে ভিলারিয়ালের মাঠে যাবে এবং ম্যাচে খেলবে। তবে আমি এটা নিশ্চিতভাবে বলতে পারছি না যে, সে শুরুতে নামবে নাকি বদলি হিসেবে খেলবে।’ গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে ইতালিয়ান কোচটি বেলকে ডান দিকে খেলানোর কথা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘তার কোনো ইনজুরির সমস্যা নেই। সে খেলার জন্য মুখিয়ে আছে।’ মাঠে নামার আগেই দলসঙ্গী ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন বেল। তিনি বলেন, ‘সে সত্যিই অসাধারণ। সবার মতো সেও আমাকে স্বাগতম জানিয়েছে। আমি এখন শুধু খেলতে চাই এবং দলের জন্য ভাল কিছু করতে চাই।’ চলতি মৌসুমে তিনটি করে ম্যাচ খেলে সবক’টিতে জয় পেয়েছে দুটি দলই। কিন্তু আজকের ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামবে মাদ্রিদ। কেননা, দুই দলের মোট ২৬ বারের মুখোমুখি লড়াইয়ে ১৭ বার জিতেছে রিয়াল মাদ্রিদ। এর মধ্যে শেষ ছয়বারই জয় তুলে নিয়েছে জায়ান্ট ক্লাবটি। গত এক বছরে এস্টেদিও এল মাদ্রিগালের মাঠ থেকে মাত্র তিনটি দল পুরো পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে। তারপরও ভিলারিয়ালের অধিনায়ক ব্রুনো সোরিয়ানো রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমক দেখানোর ব্যাপারে আশাবাদি। তিনি বলেন, ‘আমরা যে কাউকে হারাতে পারি এবং রিয়ালের মতো দলের সাথেও প্রতিযোগিতা করতে পারি— সেটি প্রমাণ করার জন্য এটা আমাদের কাছে একটি সুযোগ।’ বেল, রোনালদো, ইস্কারা মাঠে নামলেও আনচেলোত্তির দলে আজ থাকছেন না জাভি অ্যালোনসো এবং রাফায়েল ভারানে। দু’জনেরই ইনজুরি রয়েছে। বার্সেলোনা পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে সেভিয়ার বিপক্ষে খেলবে। টানা ছয় বছর ধরে লা লিগায় সেভিয়ার বিরুদ্ধে অপরাজিত রয়েছে কাতালানরা। এ রেকর্ডটি অব্যাহত রাখতে চায় আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনোর দলটি। সমান নয় পয়েন্ট নিয়ে বার্সার ঘাড়ে নিশ্বাস ফেলছে অ্যাতলেটিকো মাদ্রিদ, ভিলারিয়াল এবং রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে জেরার্ডো মার্টিনোর দল নয় পয়েন্ট পেলেও দুই গোল হজম করেছে। কাতালানরা লিগে এখন পর্যন্ত ১৫ খেলায় অপরাজিত আছে এবং সেটি অব্যাহত রাখতে চায়। তাদের সর্বশেষ হারটি ছিল গত মার্চে রিয়াল মাদ্রিদের কাছে। সেভিয়া অবশ্য বেশ কয়েকজন খেলোয়াড় চলে যাওয়ার কারণে দুর্বল হয়ে পড়ায় এখনো কোন জয়ের দেখা পায়নি। বার্সেলোনার বিপক্ষে সেভিয়ার সর্বশেষটিও ২০০৭ সালের। সব মিলিয়ে এ ম্যাচে লিওনেল মেসি, নেইমারদের সামলাতে সেভিয়াকে যে ঝক্কি পোহাতে হবে সেটি স্বীকার করে উইঙ্গার জায়রো বলেন, ‘ন্যু ক্যাম্প লা লিগার সবথেকে কঠিন জায়গাগুলোর একটি। কিন্তু আমরা খেলে ভাল কিছু অর্জন করতে চাই। আমরা সংঘবদ্ধভাবে ভাল খেলার চেষ্টা করবো। তাদেরও দুর্বল দিক আছে। মাঝ মাঠে আমাদের আরো শক্তিশালী থাকতে হবে।’ এদিকে বার্সেলোনা তাদের অধিনায়ক কার্লোস পুয়োলের ইনজুরি সারিয়ে ফেরার আভাসে উজ্জীবিত।