পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয়টি মাঠে গড়ায়। কিন্তু তৃতীয় ম্যাচে আবারো দাপট দেখায় বৃষ্টি। মাত্র ৯১ বল খেলা হওয়ার পর পরিত্যক্ত হয়ে যায় ম্যাচটি। তাই আগামীকাল সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হওয়ার আগে আবহাওয়া নিয়ে চিন্তাটা একটু বেশি করতে হচ্ছে দু’দলের খেলোয়াড়দের। কার্ডিফে বাংলাদেশ সময় বেলা সোয়া তিনটায় শুরু হবে সিরিজের চতুর্থ ওয়ানডেটি।
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওয়ানডেটিতে আগাম অশনিসংকেত দিয়ে রেখেছিল বৃষ্টি। বৃষ্টির জন্য মাঠেই নামতে পারেননি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা। তবে দ্বিতীয় ওয়ানডেটিতে বৃষ্টি বাগড়া দেয়নি। ওই ম্যাচটিতে নিজেদের আধিপত্য দেখিয়েছে সফরকারী অস্ট্রেলিয়াই। ব্যাট-বল-ফিল্ডিং তিন বিভাগেই পারফরমেন্সের ঝলক দেখিয়ে ৮৮ রানের জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে লিড নেয় মাইকেল ক্লার্কের দল।
আর তৃতীয় ওয়ানডের শুরু থেকেও ইংল্যান্ডকে চেপে ধরেছিল অস্ট্রেলিয়া। টস জিতে প্রথমে ফিল্ডিং-এ নেমে ৫৯ রানের মধ্যে ইংলিশদের তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠায় অসিরা। কিন্তু ১৫ ওভার খেলার পরে বৃষ্টির দাপটে শেষ পর্যন্ত এ ম্যাচটিও পরিত্যক্ত হয়। তাই বৃষ্টির দুশ্চিন্তা নিয়েই চতুর্থ ওয়ানডেটিও খেলতে নামতে হচ্ছে দু’দলের খেলোয়াড়দের। এ অবস্থায় খেলার চেয়ে আবহাওয়াটা বর্তমানে প্রধান বিষয় হয় দাঁড়িয়েছে— এমনটাই বোঝা গেল অসি ব্যাটসম্যান জর্জ বেইলির কণ্ঠে, ‘আবহাওয়া নিয়ে বেশ চিন্তিত আমরা। কারণ প্রত্যেকটি ম্যাচই আমরা পুরোপুরিভাবে খেলতে চাই। কিন্তু দুটি ম্যাচে সেটি সম্ভব হয়নি। আশা করবো পরের দুটি ম্যাচ বেশ ভালোভাবেই শেষ করা যাবে। আর মাঠে খেলার সুযোগ পেলে আমাদের লক্ষ্যই থাকবে সিরিজ জয়। চতুর্থ ম্যাচটি জিতে সিরিজ জয় আগেভাগেই নিশ্চিত করতে চাই আমরা।’
আবহাওয়ার পাশাপাশি সিরিজ নিয়েও চিন্তাটা অনেক বেশি ইংল্যান্ডের। কারণ তিন ম্যাচ শেষে ১-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে রয়েছে ইয়োইন মরগানের দল। তাই সিরিজ জিততে হলে বাকি দুটি ম্যাচেই জিততে হবে তাদের। আর চতুর্থ ম্যাচে অজিদের কাছে হারলে ওয়ানডে শিরোপা হারাতে হবে ইংলিশদের। অধিনায়ক ইয়োইন মরগান বলেন, ‘আবহাওয়া খুব বেশি সমস্যা করছে। দু’টি ম্যাচ তো পরিত্যক্তই হয়ে গেল। এখন পরের দু’ম্যাচে কি হয় তা-ই দেখার বিষয়। সিরিজ জিততে হলে শেষ দু’ম্যাচেই জিততে হবে আমাদের। একটি ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে। তাই মাঠে খেলা হলে সিরিজ জয় করার জন্য সর্বাত্মক চেষ্টাই থাকবে আমাদের।’
ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত মোট ১২০বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এর মধ্যে ৪৭ ম্যাচে ইংল্যান্ড এবং ৬৮ বার জয়ের আনন্দ করেছে অস্ট্রেলিয়া। আর ২টি ম্যাচ টাই ও ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়। -বাসস
