সবচাইতে বেশি সাফ চ্যাম্পিয়নশিপে খেলার কারণে বাংলাদেশের গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যকে সংবর্ধনা দিতে চেয়েছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। কিন্তু সাফের সর্বশেষ সভায় ভুটানের আপত্তির কারণে তার এ সম্মান পাওয়া হচ্ছে না।
সাফের সাধারণ সম্পাদক ভারতের আলবার্তো কোলাসো ইতোপূর্বে গণমাধ্যমকে জানিয়েছিলেন বিপ্লবকে সংবর্ধনা দেয়া হবে। তিনি এও জানিয়েছিলেন যে সাফের সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে অন্যান্যদের মতামত নিয়ে। কিন্তু গত বৃহস্পতিবার সাফের মুলতবী সভায় বিপ্লবের বিষয়টি উত্থাপন করা হলে ভুটান আপত্তি তোলে বলে জানা গেছে। ভুটান যুক্তি দেখায় এভাবে সংবর্ধনা দেয়া হলে আগামীতে আমরাও কাউকে এরকম সম্মান জানাতে অনুরোধ করলে নীতি নির্ধারকরা তা উপেক্ষা করতে পারবেন না। এজন্য ভুটান বলেছে একটা নীতিমালা তৈরি করতে যেন সেটা অনুসরণ করা যায়। ফলে সিদ্ধান্ত হয়েছে নীতিমালা করার।
