৪২তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
খুলনায় আজ চূড়ান্ত আসর শুরু
এনামুল হক, খুলনা অফিস
জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির ৪২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আজ শনিবার থেকে খুলনা মহানগরীতে শুরু হচ্ছে। খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সাঁতার, ফুটবল (ছাত্র-ছাত্রী), হ্যান্ডবল (ছাত্র-ছাত্রী), কাবাডি (ছাত্র-ছাত্রী) মিলিয়ে সর্বমোট ৪২৪ জন প্রতিযোগী চূড়ান্ত আসরে অংশ নেবেন। এরমধ্যে ছাত্রী রয়েছেন ১৬০ জন। সারাদেশের চারটি অঞ্চল থেকে এ প্রতিযোগীরা তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য এখন খুলনায়। চারটি ফুলের নামে নামকরণ করা চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা উপ-অঞ্চলকে নিয়ে বকুল অঞ্চল, খুলনা ও বরিশাল উপ-অঞ্চলকে নিয়ে গোলাপ অঞ্চল, ঢাকা ও ময়মনসিংহ উপ-অঞ্চলকে নিয়ে পদ্মা অঞ্চল এবং রাজশাহী ও রংপুর উপ-অঞ্চলকে নিয়ে চাঁপা অঞ্চল গঠিত হয়েছে। প্রত্যেক অঞ্চল থেকে চারটি করে দল অংশ নিচ্ছে খুলনায়। এই প্রতিযোগিতা আয়োজনের জন্য ২১ লাখ ৪২ হাজার ৪শ টাকার বাজেট প্রণয়ন করা হয়েছে। এই অর্থ থেকে প্রত্যেক প্রতিযোগীকে প্রতি দিনের খরচ বাবদ ৩০০ টাকা করে দেয়া হবে। এছাড়াও তারা যাতায়াত ভাতা পাবেন। জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির সম্পাদক ফারহানা হক প্রতিযোগিতা শুরুর প্রাক্কালে গতকাল খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য জানান।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউসি) মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, সাংগঠনিক কমিটির সভাপতি ও যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো: আমিরুল আলম খান এবং সদস্য সচিব টি.এম জাকির হোসেন, বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. বিমল কৃষ্ণ মজুমদার, রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর তানভিরুল আলম, দিনাজপুরের চেয়ারম্যান প্রফেসর আলাউদ্দিন, সমিতির যুগ্ম সম্পাদক মো: আবুল কালাম আজাদ ও মাউসির সহকারি পরিচালক এস.এম কামাল উদ্দিন হায়দার।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল
রায়পুরায় দড়িগাঁও ও পলাশতলী স্কুল চ্যাম্পিয়ন
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনালে বালিকা বিভাগে সায়দাবাদ প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দড়িগাঁও প্রাথমিক বিদ্যালয়। বালক বিভাগে শ্রীরামপুর মডেল প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পলাশতলী ১নং প্রাথমিক বিদ্যালয়। গত বৃহস্পতিবার বিকালে রায়পুরা কলেজ মাঠে অনুষ্ঠিত হয় খেলা দুটি। উল্লেখ্য গত এপ্রিল মাসে ইউনিয়ন পর্যায় থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় উপজেলার ১৯০টি বিদ্যালয়ের মধ্যে ২৫টি দল অংশ নেয়। বালক ও বালিকা বিভাগের খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইউনূছ আলী ভুঁইয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, স্বাস্থ্য ও পশু পালন কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুল ইসলাম, শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলসহ বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবকগণ।
চট্টগ্রামে ভেটেরান ফুটবল লিগ
শরীফ একাদশ ও স্বপন স্মৃতি সংসদের জয়
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতি আয়োজিত ‘অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্স ভেটেরান ফুটবল লিগে গতকাল শুক্রবারের খেলায় জিতেছে মরহুম শরীফ একাদশ ও স্বপন কান্তি স্মৃতি সংসদ। এমএ আজিজ স্টেডিয়ামের অনুশীলন মাঠে প্রথম খেলায় রিপন মুত্সুদ্দী ও জাহিদ আলমের গোলে ক্যাপ্টেন মফজল স্মৃতি সংসদকে ২-০ গোলে হারায় মরহুম শরীফ একাদশ। একই মাঠে দিনের অপর খেলায় মানিক মিয়া ও ইব্রাহিমের গোলে স্বপন কান্তি স্মৃতি সংসদ ২-১ ব্যবধানে হারায় পটিয়া আকতার স্মৃতি ফুটবল দলকে।
মরহুম শরীফ একাদশ: আবু তাহের, প্রিয়তোষ, অঞ্জন, আবুল, রিপন, শফিউল, আকবর, জাফর, আইউব, জাহিদ, সুরজিত, বন্ধন, জহির, শওকত, মশিউর, শাহীন।
ক্যাপ্টেন মফজল স্মৃতি সংসদ: একরাম, নিজাম, হাবিব, বেলায়েত, মিঠু, বাহার, মনি, সুমন, শাহীন, এনায়েত, আফছার, একরাম হোসেন, আকরাম, দিদারুল, রানা, নাহিদ, এনামুল, সুমন (২), মীর হোসেন।
স্বপন কান্তি স্মৃতি সংসদ:সাইদ, পারভেজ, মাসুম, ইব্রাহিম, মিরন, ইউসুফ, পিন্টু, মানিক, মশিউর, আব্বাস, জসীম, মুন্না, আলী, রফিক, পারভেজ, আফজল, আকরাম, শরীফ।
পটিয়া আকতার স্মৃতি ফুটবল দল: শাহজাহান, চম্পক, আমিন, আসকর, রহিম, হান্নান, জালাল, দীপক, সাইফুল, অসীম, সামশুল, উজ্জ্বল, তপন, নাছির, হোসেন, রফিকুল ও শফিকুল।
২য় ময়মনসিংহ উন্মুক্ত দাবায়
আবুল কাশেম চ্যাম্পিয়ন
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ দাবা উন্নয়ন ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত দ্বিতীয় ময়মনসিংহ উন্মুক্ত দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার আবুল কাশেম ভুঁইয়া। রানার্স আপ হয়েছেন নেত্রকোনার মো: আসাদুজ্জামান।
গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জিমনেসিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে ৫০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতা পরিচালনা করেন ময়মনসিংহ দাবা উন্নয়ন ক্লাবের সভাপতি জাহিদ হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের পৌর মেয়র ইকরামুল হক টিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মহিলা মাস্টার দাবা মিসেস রানী হামিদ।
