রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নারীর অধিকার নিশ্চিত করতে হবে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নারীদের পুরুষের সমান অধিকার নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেছেন। ‘রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নারীদের অধিকতর অংশগ্রহণই কেবল জাতির প্রকৃত উন্নয়ন ও অগ্রগতি অর্জনে সহায়ক হতে পারে’ উল্লে¬খ করে তিনি বলেন, বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উপর গুরুত্বারোপ করে নারীদের উন্নয়ন এজেন্ডার কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী ও আইসিএপিপি’র বিশেষ উপদেষ্টা গতকাল শুক্রবার দক্ষিণ কোরিয়ার সিউলে ইন্টারন্যাশনাল কনফারেন্সের এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (্আইসিএপিপি)’র বিশেষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এক ভিডিও বার্তায় এ কথা বলেন। অপর দুই বিশ্ব নেতা জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই এই অধিবেশনের জন্য রেকর্ডকৃত ভিডিও বার্তা প্রেরণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া) শেখ মুহাম্মাদ বেলাল বাসস’কে একথা বলেন। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সমাজের সকল ক্ষেত্রে পুরুষের মত নারীদেরও সমান অধিকার থাকতে হবে। বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ ধরনের সমাজ গঠনের ভিশন ছিল। তাঁর এই লক্ষ্য আমাদেরকে জেন্ডার নির্বিশেষে সবার জন্য সমঅধিকার প্রতিষ্ঠায় কাজ করতে অনুপ্রাণিত করছে। শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেন যে, ‘নারী নেতৃত্ব’ শীর্ষক এই বিশেষ সম্মেলনে বিশেষ করে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নারীদের সামনে যে চ্যালেঞ্জ তা আলোচনায় আসবে। দেশে পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে তিনি এ সম্মেলনে অংশগ্রহণে অপারগতার জন্য দুঃখ প্রকাশ করেন। শেখ হাসিনা বলেন, শ্রমশক্তিতে বাংলাদেশের নারীদের অংশগ্রহণ ২০১০ সালের ২৪ শতাংশ থেকে বর্তমানে ৩৬ শতাংশে উন্নতি হয়েছে। স্বাস্থ্যসেবায় আমাদের সাফল্যে মাতৃমৃত্যু হার হ্রাস পেয়েছে এবং এর মাধ্যমে জাতিসংঘের এমডিজি স্বীকৃতি অর্জিত হয়েছে। বাংলাদেশে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের আমলে তৃণমূল পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানে তাদের জন্য আসন সংরক্ষণের বিধান করা হয়েছে। বর্তমানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ১৪ হাজার নির্বাচিত ও জাতীয় সংসদে ৬৯ জন নারী প্রতিনিধি রয়েছে। পাঁচজন কেবিনেট মন্ত্রী এবং জাতীয় সংসদে একজন হুইপ হচ্ছেন মহিলা। তিনি বলেন, সম্ভবত বাংলাদেশই একমাত্র দেশ যেখানে একই সময়ে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলের নেতা ও সংসদ উপনেতা হচ্ছেন মহিলা। শেখ হাসিনা আরো বলেন, নারীদের বিচার বিভাগ, প্রশাসন, কূটনৈতিক এবং সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহের উচ্চপদে আসীন হতে তাদের জন্য সরকারি চাকরির ৩০ শতাংশ পদ সংরক্ষিত রয়েছে। বাংলাদেশের নারীরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও কাজ করছে। একজন নারী রাজনীতিক হিসাবে তিনি এশিয়ায় নারী নেতৃত্ব গড়ে তোলা ও তাদের ক্ষমতায়নে এই সম্মেলনের উদ্যোক্তাদের সঙ্গে একত্রে কাজ করার আশ্বাস দেন। জেলা আ’লীগ নেতাদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময় আজ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ শনিবার বিকাল ৩টায় গণভবনে বরিশাল মহানগর, বরিশাল জেলা, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, নীলফামারী, পিরোজপুর, বগুড়া, গোপালগঞ্জ ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনি দলের বিভিন্ন জেলা, উপজেলা, থানা, মহানগর ও ১ম শ্রেণির পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে গত ৪ সেপ্টেম্বর থেকে মতবিনিময় সভা শুরু করেছেন। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, আগামী ১২ অক্টোবর পর্যন্ত এই মতবিনিময় সভা চলবে। সভায় দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী মনোনয়ন সম্পর্কে শেখ হাসিনা তৃণমূলের মতামত গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী ১৭ সেপ্টেম্বর সিলেট যাচ্ছেন আমাদের সিলেট অফিস জানায়, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী ১৭ সেপ্টেম্বর সিলেট যাচ্ছেন। ওই দিন তিনি সিলেটের গোলাপগঞ্জে একটি জনসভায় ভাষণ প্রদানসহ অনেকগুলো উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর সিলেট সফরকে সামনে রেখে উজ্জীবিত এখন সিলেট আওয়ামী লীগ। নেতা-কর্মীরা অতীতের মান-অভিমান ভুলে প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রী সকাল ১০টায় সিলেট পৌঁছে প্রথমেই হযরত শাহজালাল (রহঃ) ও হযরত শাহপরান (রহঃ) এর মাজার জিয়ারত করবেন। বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী জালালাবাদ সেনানিবাসে নতুন আর্মি ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগদান করবেন। বেলা ২টায় গোলাপগঞ্জের কৈলাশটিলায় ৭ নম্বর গ্যাস কূপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর বিকালে গোলাপগঞ্জের এমসি একাডেমী মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে গতকাল শুক্রবার নগরীর কানিশাইল বেতের বাজার শ্রমিক লীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা ও মহানগর যুবলীগের এক বর্ধিত সভা আজ শনিবার বিকাল ৫টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।