মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়া ইস্যুতে বসা রুশ-মার্কিন আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে বলে জানিয়েছেন। শুক্রবার জাতিসংঘের সদর দফতরে জাতিসংঘ-আরব লীগের শান্তিদূত লাখদার ব্রাহিমির সঙ্গে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বসেন কেরি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। খবর বিবিসির।
সূত্র জানায়, কেরি এবং ল্যাভরভের মধ্যে এই আলোচনা শুরু হয় বৃহস্পতিবার এবং তা আরো কয়েকদিনে গড়াতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র সিরিয়া ইস্যুতে বিভিন্ন বিষয় নিয়ে ঐকমত্যে পৌছানোর জন্য কাজ করে যাচ্ছেন। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ সভায় আগামী ২৮ সেপ্টেম্বর আবার আলোচনায় বসবেন কেরি এবং ল্যাভরভ। সিরিয়ার রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হস্তান্তর করানোর জন্য রাশিয়ার প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে এ আলোচনা হচ্ছে।
এদিকে অনেক দেশের কাছেই যেহেতু রাসায়নিক অস্ত্র রয়েছে, তাই বিশ্বব্যাপী রাসায়নিক অস্ত্র নিষিদ্ধ করতে চুক্তি করার আবেদন জানিয়েছে সিরিয়া। তবে সিরিয়ার বিদ্রোহীরা বলেছে, রাশিয়ার প্রস্তাবিত কোনো পরিকল্পনায় তারা অংশ নেবে না।
গতকাল শুক্রবার বৈঠকের পর সংবাদ সম্মেলনে জন কেরি বলেন, রুশ-মার্কিন কুটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অভিযান চালানোর জন্য প্রস্তুত রয়েছে। সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন,‘আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে এবং সিরিয়ায় হামলা চালানোর কোনো দরকার হবে না।’
