উলফা নেতা অনুপ চেটিয়াকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভারতের কাছে হস্তান্তর করতে পারে বাংলাদেশ। বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শম্ভু সিং আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন বলে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই’র এক প্রতিবেদনে বলা হয়েছে।
তিনি আরো বলেন, শান্তি আলোচনায় উলফার সামরিক শাখার প্রাণ পরেশ বড়ুয়াকে বার বার আমন্ত্রণ করা হলেও তাতে কোনো সাড়া মেলেনি। এর কারণ হিসেবে তিনি বলেন, বড়ুয়া এখন চীনে আছেন। সেখানে তিনি অস্ত্র ব্যবসার সাথে জড়িত। আমরা তাকে এ আলোচনায় অংশগ্রহণের অনুরোধ জানালে তিনি না আসার সিদ্ধান্ত জানান।
শম্ভু সিং বলেন, ডিসেম্বরের মধ্যেই অনুপ চেটিয়া ভারতে আসবেন। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী মধ্য ডিসেম্বরের আগেই বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে হস্তান্তর করা হবে।
অনুপ চেটিয়াকে ফিরিয়ে নেয়ার ওপর ভারত সরকারের সঙ্গে উলফার শান্তি আলোচনার সফলতা অনেকটা নির্ভর করছে। উলফার প্রতিষ্ঠাতা এই নেতা ১৯৯৭ সালে বাংলাদেশে আটক হন।
