খালেদা জিয়া কাল রংপুর যাচ্ছেন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৮
বিএনপি চেয়ারপার্সন ও সংসদে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া আগামীকাল রবিবার রংপুর যাচ্ছেন। দুপুরে তিনি জেলা স্কুল মাঠে জনসভায় ভাষণ দিবেন। সেখানে খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে জাতীয় পার্টির (এ) সাবেক এমপি শাহ্ সোলায়মান আলম ফকির, সাবেক এমপি মোহাম্মদ আলী সরকারসহ আরো কয়েকজন নেতা নিজেদের কর্মী-সমর্থক নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করবেন বলে জানা গেছে। এদিকে বেগম খালেদা জিয়ার জনসভায় কমপক্ষে ১০ লাখ মানুষের সমাবেশ ঘটানোর জন্য গত এক মাস ধরে নেতাকর্মীরা সাংগঠনিক তত্পরতা অব্যাহত রেখেছেন। গতকাল শুক্রবার স্থানীয় রাজা রামমোহন ক্লাবে বিএনপির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, দলীয় চেয়ারপার্সনকে ঘোড়ার বহর ও রংপুরের ঐতিহ্য ভাওয়াইয়া গানের মাধ্যমে বরণ করে নেওয়া হবে। এ সময় অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, খালেদা জিয়ার ভাষণ নগরীর ১০টি পয়েন্টে ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় দেখানো হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও দলের ২০ হাজার স্বেচ্ছাসেবক নিরাপত্তার দায়িত্বে থাকবে। এই সফর উপলক্ষে ইতিমধ্যে গোটা নগরী বর্ণিল সাজে সাজানো হয়েছে। কয়েকশ তোরণ নির্মাণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কয়েক হাজার মটর সাইকেলসহ ১০/১২ হাজার নেতাকর্মী এ উপলক্ষে প্রচার মিছিল বের করেছেন।