রাশিয়ায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৩৭

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১৪
রাশিয়ার একটি মানসিক হাসপাতালে অগ্নিকাণ্ডে ৩৭ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার দেশটির উত্তরের নভগোরোদ অঞ্চলে লুকা গ্রামের হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, কোন রোগীর সিগারেট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুরুষ ওয়ার্ডে প্রথম আগুন জ্বলে। পরে দ্রুত একতলা বিশিষ্ট হাসপাতালের অন্যান্য স্থানেও আগুন ছড়িয়ে পড়ে। খবর এএফপি ও বিবিসির। সূত্র জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে একজন নার্সও রয়েছে। তিনি রোগীদের নিরাপদে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করছিলেন। এখন পর্যন্ত ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ২০ জনকে। অবহেলার কারণে মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আঞ্চলিক তদন্তকারী দলের এক বিবৃতিতে বলা হয়, ‘অকসোচি মানসিক হাসপাতালে এক অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৭ জন মারা গেছে।’ বিবৃতিতে আরো বলা হয়, ‘সেন্ট পিটার্সবার্গের ২২০ কিলোমিটার পূর্বে অবস্থিত লুকা গ্রামে অগ্নিকাণ্ডের ধ্বংস্তুপ থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে।’