এটা কিন্তু নির্বাচন নয়, যুদ্ধ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১৫
আওয়ামী লীগের পক্ষে সকলকে গত নির্বাচনের মত ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফ বলেছেন, এটা কিন্তু নির্বাচন নয়, এটা হল যুদ্ধ। এ যুদ্ধ মৌলবাদের বিরুদ্ধে, ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। এ নির্বাচনে আমাদের কিছুতেই হারলে চলবে না। যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. হারিস আলীর স্মরণে গত বৃহস্পতিবার পূর্ব লন্ডনে আয়োজিত নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সেক্রেটারি শাহাব উদ্দিন আহমদ বেলালের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী, ব্রিটিশ হাউজ অব লর্ডসের সদস্য ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দিন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার আবদুল মুকিত চুনু এমবিই, কবি হামিদ মোহাম্মদ, আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে ডা. হারিস আলীর স্মৃতি সংরক্ষণে সৈয়দ আশরাফ সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, ব্যক্তিগত সফরে তিনি লন্ডনে অবস্থান করছেন। আগামীকাল তার দেশে ফেরার কথা রয়েছে।