বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং কর্মকর্তাদের জন্য দিনব্যাপী ‘আয়কর এবং মূসক’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি গতকাল শনিবার সমিতির সচিবালয়ে আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিসিএস সভাপতি মোস্তাফা জব্বার। এ সময় তিনি বলেন, ‘বিসিএস সময়োপযোগী এ প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালনা করতে পেরে আনন্দিত এবং সেই সাথে ধন্যবাদ জানাই সমিতির শিক্ষা গবেষণা ও মানবসম্পদ উন্নয়ন স্ট্যান্ডিং কমিটিকে এই আয়োজনের উদ্যোগ গ্রহণ করার জন্য।’ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিসিএস মহাসচিব মো. শাহিদ-উল-মুনীর, পরিচালক মো. ফয়েজউল্যাহ খান এবং সমিতির শিক্ষা, গবেষণা ও মানব সম্পদ উন্নয়ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এ. কেএম শামসুল হুদা। প্রশিক্ষণে ইনকাম ট্যাক্সের উপর প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের করনীতি সম্পর্কিত প্রাক্তন সদস্য আমিনুর রহমান এবং ভ্যাট বিষয়ে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তরের কাষ্টমস এবং ভ্যাট কমিশনার মো. লুতফর রহমান। প্রশিক্ষণে ২৫টি বিসিএস সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং তাদের কর্মকর্তারা অংশ নিয়েছেন।
