সুপ্রিম কোর্টে বড় ধরনের ধাক্কা খেলেন কলকাতার সাবেক পুলিশ কমিশনার রাজীব কুমার। গ্রেফতার না হওয়ার যে রক্ষাকবচ দেশটির শীর্ষ আদালত তাঁকে দিয়েছিল, তা সরিয়ে নিয়েছে। ফলে এরপর প্রয়োজনে সিবিআই তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে।
রাজীব কুমারকে গ্রেফতার করে সিবিআই জেরা করতে পারবে কি না, তা নিয়ে শুক্রবার রায় দানের কথা ছিল সুপ্রিম কোর্টে।দেশটির প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটির শুনানি হলেও রায় পড়ে শোনান অবকাশকালীন বেঞ্চের সদস্য বিচারপতি সঞ্জীব খান্না।
সুপ্রিম কোর্টের গরমের ছুটিতে প্রধান বিচারপতি ছুটিতে আছেন।
তবে আগামী সাতদিনের মধ্যে আগাম জামিনের আবেদন করতে পারবেন আইপিএস রাজীব কুমার৷ নির্দেশ দেশটির শীর্ষ আদালতের।
আরো পড়ুন: একটু চালিয়ে দেখি... ১৯ কোটির গাড়ি নিয়ে পালাল চোর
শুক্রবার সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চের সদস্য বিচারপতি সঞ্জীব খান্না নির্দেশ দেন, তদন্তের স্বার্থে গ্রেফতার করা যাবে আইপিএস রাজীব কুমারকে৷ এর আগে আদালতের দেওয়া গ্রেফতারের উপর অন্তবর্তী স্থগিতাদেশ তুলে নেওয়া হচ্ছে।
কিন্তু রাজীব কুমারকেও সুযোগ দেওয়া হয়েছে। বলা হয়েছে, আগমী সাতদিনের মধ্যে তাঁকে সুপ্রিম কোর্টেই আগাম জামিনের আবেদন করতে হবে। ফলে ওই সময়কালে তাঁকে গ্রেফতার করা সম্ভব নয়। বিচারপতি জানিয়েছেন এরপর, আইন মেনেই পদক্ষেপ করতে পারবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
তথ্য সূত্র: এনডিটিভি, আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/এসআর

