জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার সাথে বিএনপি-জামায়াতের কোন সম্পর্ক নেই। রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই বিএনপি-জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। রফিকুল ইসলাম খান বলেন, গ্রেনেড হামলার মামলাটি বিচারাধীন। আর মামলার বিচার চলাকালে সরকারের এ ধরনের বক্তব্য ন্যায় বিচারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। হত্যার রাজনীতি ও সন্ত্রাসী লালন বন্ধ করার জন্য বিএনপি-জামায়াতের প্রতি যে আহ্বান জানানো হয়েছে তিনি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি আরও বলেন, সরকার একতরফা নির্বাচন বাস্তবায়নের উদ্দেশ্যেই বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করে তার দায়ভার এখন বিরোধীদলের উপর চাপিয়ে অপপ্রচার চালাচ্ছে।
