বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, আওয়ামী লীগ খারাপ, বিএনপি তার চেয়েও বেশি খারাপ। দাঁড়িপাল্লা আর লাঙ্গলওয়ালারা কখনো এর কাঁধে আবার কখনো ওর কাঁধে বন্দুক রেখে শিকার করতে চায়। আওয়ামী লীগ কখনো দুর্নীতিবাজদের না বলতে পারে না। আর বিএনপি কখনো রাজাকারদের সঙ্গ ছাড়তে পারে না। তিনি বলেন, জনগণ এ দুই দলের কবল থেকে মুক্তি পেতে চায়। তিনি আওয়ামী লীগ ও বিএনপিকে বাদ দিয়ে বৃহত্তর বাম ঐক্য গড়ে তোলার মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
শুক্রবার বিকালে নগরীর লালদীঘি ময়দানে সিপিবি ও বাসদের চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মৃণাল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন প্রমুখ।
