দশমিনায় শতবর্ষী বাজার সড়কের বেহাল দশা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৬
পটুয়াখালীর শতবর্ষী দশমিনা উপজেলা বাজার সড়কের বেহাল দশা। সামান্য বৃষ্টিতে পানি জমে বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতা চরম দুর্ভোগে পড়েন। জানা যায়, ঊনিশ শ’ সালের গোড়ার দিকে গড়ে ওঠা দশমিনাগঞ্জ ১৯৮৩ সালে দশমিনা উপজেলা ঘোষণার পর দশমিনা, নলখোলা ও চরহোসনাবাদ এলাকার কিছু অংশ মিলিয়ে উপজেলার সদর বাজার। এই বাজারের মধ্যদিয়ে বয়ে যাওয়া খাল বাজারের তিন অংশের পয়ঃনিষ্কাশনের একমাত্র মাধ্যম হলেও এ পর্যন্ত কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকা ও অপরিকল্পিত উন্নয়নের ফলে সামান্য বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে ক্রেতা-বিক্রেতাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়াও বর্তমানে ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে ওই সড়ক থেকে। এ বাজারের দোকানী মোঃ জাকির হোসেন হাওলাদার জানায়, প্রতিদিন কয়েক হাজার লোক সদর বাজারে আনাগোনা করে। প্রতিবছর বর্ষায় সড়কে পানি জমে, বাজার কমিটি বিষয়টি সংশ্লিষ্টদের নজরে এনে কোন ফল হয়নি। দশমিনা সদর বাজারের সড়ক সম্পর্কে শেবাচিমের সাবেক মেডিক্যাল অফিসার ও স্থানীয় ডক্টরস ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডাঃ আলী আকবর বলেন, সড়কে দীর্ঘদিনের জমানো ময়লা-আবর্জনা মিশ্রিত পানি মশার উপদ্রব বৃদ্ধি করে। এছাড়াও ম্যালেরিয়া, জন্ডিসসহ চর্মরোগের জন্য এরকম পরিবেশ দায়ী। উপজেলার ঐতিহ্যবাহী দশমিনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৭শ’ শিশুসহ দশমিনা মাধ্যমিক বিদ্যালয়, এআরডি ডিগ্রি কলেজ, ডাঃ ডলি আকবর মহিলা কলেজ, বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, চরহোসনাবাদ সিনিয়র ফাজিল মাদরাসার প্রায় আড়াই হাজার ছাত্র-ছাত্রী শিশু-কিশোরকে এই সড়কে নিয়মিত যাতায়াত করতে হয়।