পৃথক ঘটনায় ৬ জনের মৃত্যু ৪ জনের লাশ উদ্ধার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৭
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৬ জন মারা গেছেন এবং ৪ জনের লাশ উদ্ধার হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। দিনাজপুর দিনাজপুরে আত্রাই নদীতে ডুবে গত শুক্রবার দুপুরে নিকেশ কিশান আগোরওয়ালা (১৩) নামে একজনের মৃত্যু হয়েছে। সে গোপী কিশান আগোরওয়ালার ছেলে। তিন বন্ধু নদীর পানি কম মনে করে নদীতে নামলে সাঁতার না জানায় নিকেশ কিশান ডুবে যায়। লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলার গোয়ালগ্রামে গত শুক্রবার সকালে মাথাভাঙ্গা নদীতে পানিতে ডুবে মাবিয়া (৩৬) নামে এক গৃহবধূ মারা গেছেন। তিনি ইস্কান্দার আলীর স্ত্রী। থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, ঐদিন সকালে নদীতে গোসল করতে গিয়ে সে তলিয়ে যায়। পরে স্বজনরা নদীঘাট থেকে তার লাশ উদ্ধার করে। গাইবান্ধা যমুনা নদীর গাইবান্ধার সাঘাটা উপজেলার হাসিলকান্দি এলাকায় গতকাল শনিবার দুপুরে নৌকাডুবিতে ইসমাইল হোসেন (৫০) নিহত ও মাফু মিয়া (৩০) নামে একজন আহত হয়েছেন। নিহত ইসমাইল উপজেলার হাসিলকান্দি নকিয়ারচর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। আহত মাফু মিয়া একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে। মাফু মিয়াকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা সম্পর্কে শ্বশুর-জামাই। সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলার রামডাকুয়া গ্রামে গতকাল শনিবার দুপুরে পুকুরে ডুবে নয়ন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ইয়াকুব আলীর পুত্র। ডোমার (নীলফামারী) উপজেলার মেলাপাঙ্গা গ্রামে দধিকাঁদো উত্সবে গতকাল শনিবার দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ছয় বছরের দুই শিশু পৈশাঞ্জুরের ছেলে প্রান্ত ও সোনাতন বর্মনের ছেলে স্বজলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। হিন্দু ধর্মাবলম্বীদের দধিকাঁদো উত্সব বন্ধ হয়ে যায়। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত শুক্রবার আপন (১৫) নামে এক ব্যাটারি চালিত অটোরিকশার চালকের লাশ পুলিশ উদ্ধার করেছে। সে মুরাদনগর উপজেলার গাজীপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ৩ জনকে আটক করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রাণীশংকৈল (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভায় গত শুক্রবার সকালে রাসেল (২২) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সে মৃত মন্জুর আলির পুত্র ও দিনাজপুর আদর্শ কলেজের ছাত্র। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁওয়ে পাঠানো হয়েছে। সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সিরাজদিখান উপজেলার চরবিশ্বনাথ গ্রামের একটি ডোবা থেকে গত শুক্রবার তুলি সরকার নামে ৮ মাসের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রতিবেশী বিমল সরকার (৪৮), তার স্ত্রী আরতী রানী সরকার (৪০) ও মেয়ে রিতু সরকারকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ। শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নলডুবরী সীমান্ত এলাকায় গতকাল শনিবার পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শিবগঞ্জ থানার এসআই আতিকর রহমান রেজা জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে দুপুরে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। লাশের পরনে গামছা ছিল। তিনি বাংলাদেশি না ভারতীয় তা নিশ্চিত হওয়া যায়নি।