গাজীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি গঠন
গাজীপুর প্রতিনিধি \ গাজীপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের গাজীপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার দুপুরে গাজীপুর শহরে শ্রী শ্রী মাধব মন্দির প্রাঙ্গণে অ্যাডভোকট সুদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ দুটি কমিটি গঠন করা হয়। ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গাজীপুর জেলা কমিটির আহবায়ক অ্যাডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী, সদস্য সচিব সঞ্জিত কুমার মল্লিক, সহ-সদস্য সচিব বিজয় কৃষ্ণ দাস, বিজন কুমার ধর ও অমূল্য চন্দ্র দাস।
নড়াইলের পৌর কাউন্সিলর গ্রেফতার
নড়াইল প্রতিনিধি \ নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ও নড়াইল পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর তেলায়েত হোসেন বাবুকে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে নড়াইল সদর হাসপাতালের সামনে রাস্তা থেকে তাকে আটক করা হয়। সে বিজয়পুর গ্রামের বাসিন্দা এবং ওই গ্রামের আবুল হোসেন মোল্যার পুত্র।
হালুয়াঘাট শিক্ষক সমিতির প্রতিনিধি সম্মেলন সম্পন্ন
হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা \ গত শুক্রবার হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি হালুয়াঘাট উপজেলা শাখার ত্রি-বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক সমিতির সভাপতি মো. আক্কাছ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো. আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ অঞ্চলের সাধারণ সম্পাদক দূকুল চন্দ্র দেব প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ পূজা উদযাপন পরিষদের সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এ বক্তব্যকে সামনে রেখে গত শুক্রবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ। মোহিত কুমার দাঁ’র সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গণেশ চন্দ্র ঘোষ প্রমুখ।
সোনারগাঁও সংঘের কমিটি পুনঃগঠন
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সুধীজনদের নিয়ে গঠিত সোনারগাঁও সংঘের কমিটি পুনঃগঠন ও ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে গত শুক্রবার দুপুরে সোনারগাঁও জিআর, ইনষ্টিটিউশ স্কুল এন্ড কলেজে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁও সংঘের সাবেক সভাপতি অধ্যক্ষ ড: নূরে আলমের সভাপতিত্বে, সভায় সর্বসম্মতিক্রমে জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্মসচিব সিদ্দিক জোবায়ের সোনারগাঁও সংঘের বর্তমান সভাপতি, সহ-সভাপতি এনসি টিবির কারিকুলাম বিশেষজ্ঞ মো: গিয়াস উদ্দিন, জয়নাল আবেদিন, মোনতাজ উদ্দিন মর্তুজা, এড. মো আমির হোসেন, সামছুল আলম পনির, সাধারণ সম্পাদক ড: নূরে আলম প্রমুখ।
মুরাদনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর হাজী আব্দুস সালাম শিশু একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাফেজ নজরুল মাহমুদের সভাপতিত্বে গত শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবক আব্দুস ছাত্তার সরকার বাবু, মাওলানা মুজিবুর রহমান, হাবিবুর রহমান, হাসানুর রহমান মারুফ প্রমুখ।
বানারীপাড়ায় জিয়া মঞ্চের কমিটি গঠন
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা\ বানারীপাড়ার উদয়কাঠি ইউনিয়নে জিয়া মঞ্চের কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার জিয়া মঞ্চের সভাপতি মহিউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সম্পাদক গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার, উদয়কাঠি বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহ আলম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কাউন্সিলর আহসান কবির নান্না হাওলাদার, উপজেলা স্বেচ্ছা সেবকদল সভাপতি সাইদুল ইসলাম, পৌর শাখার সভাপতি ফারুক মল্লিক প্রমুখ।
বড়াইগ্রামে দুলুর মুক্তির দাবিতে সমাবেশ
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক, জেলা সভাপতি সাবেক মন্ত্রী এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বড়াইগ্রাম পৌর ছাত্রদল ও ইউনিয়ন বিএনপি। গতকাল শনিবার বড়াইগ্রাম শহর ছাত্রদলের উদ্যোগে লক্ষীকোল বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তায়েদুল হক বুলু, ছাত্রদল নেতা তহিদুল ইসলাম চন্দন, মশিউর রহমান বাচ্চু, ডাবলু, লিটন, জাকির ও আব্দুল খালেক সরকার বক্তব্য রাখেন।
হাজীগঞ্জে আওয়ামী লীগ নেত্রীর গণসংযোগ
হাজীগঞ্জ (চাঁদপুর), সংবাদদাতা \ আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী, আন্তর্জাতিক যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা ও চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এ্যাড. নুরজাহান বেগম মুক্তা শনিবার হাজীগঞ্জ ও শাহরাস্তি নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন।
দেবীগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্মারকলিপি
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা \ দেবীগঞ্জ সোনাহার মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলে অনুপস্থিত হওয়া, খেয়াল খুশিমত স্কুলে আসাসহ ১০ দফা অভিযোগ এনে উক্ত এলাকার এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ শনিবার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতির নিকট স্মারকলিপি প্রদান করেছে।
গৌরীপুরে আওয়ামী লীগ নেতার মতবিনিময়
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি, ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নাজিম উদ্দিন আহাম্মদ বৃহসপতিবার রাতে গৌরীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
কুমিল্লা-৫ আসনে লেবার পার্টির গণসংযোগ
কুমিল্লা প্রতিনিধি \ দশম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে ১৮ দলীয় জোটভুক্ত লেবার পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ফরিদ উদ্দিন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। গতকাল শনিবার ওই আসনের বুড়িচং উপজেলা সদরের বিভিন্ন ইউনিয়ন এলাকায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালান। এসময় তার সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, কুমিল্লা মহানগর সভাপতি অধ্যাপক মহসিন ভুঁইয়া, মাসুদ চৌধুরী, জয়নাল আবেদীন।
ডুমুরিয়ায় এফএও’র কৃষি যন্ত্রপাতি বিতরণ
ডুমুরিয়া খুলনা সংবাদদাতা \ নেদারল্যান্ড সরকার এবং কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায়, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) উদ্যোগে গতকাল শনিবার ডুমুরিয়া উপজেলা চত্বরে পানি ব্যবস্থাপনা দলের উপকার ভোগী ২৫টি দলের ৬২৫ জন নারী-পুরুষের মাঝে ৫০টি পাওয়ারটিলার, ২৫টি পাওয়ারথ্রেসার ও ২৫টি লো-লিফটপাম্প, সারসহ ফল ও সবজির চারা বিতরণ করা হয়।
দেলদুয়ারে আওয়ামী লীগের কর্মী সভা
দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা\ গতকাল শনিবার দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত ও কর্মী সভা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে সম্ভাব্য প্রার্থী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু।
গৌরীপুরে প্রামাণ্য চিত্র প্রদর্শনী
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা\ ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় যুব পরিষদের উদ্যোগে শহীদ হারুন পার্কে শুক্রবার থেকে শুরু হয়েছে ‘রক্তাক্ত বাংলাদেশ লাঞ্চিত মানবতা’ শীর্ষক তিনদিনব্যাপী আলোকচিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সারা বাংলাদেশে সংঘটিত নৃশংস ঘটনাবলীর উপর প্রতিদিন সংবাদপত্রের পাতায় প্রকাশিত বীভত্স সংবাদের চিত্র।
ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা\ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ২ বছর মেয়াদী ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়েছে। যুগান্তর প্রতিনিধি আবুল কালাম আজাদ সভাপতি, ইত্তেফাক সংবাদদাতা সাইফুল ইসলাম তালুকদার কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি সিরাজুল ইসলাম নয়ন দৈনিক ঢাকা, যুগ্ম সম্পাদক রকিবুল হাসান রুবেল আরটিভি, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী ভোরের ডাক, সম্মানিত সদস্য সোহরাব পাশা প্রথম আলো ও হারুনুর রশিদ সময় টেলিভিশন।
গোপালপুরে ভাঙ্গন দুর্গতদের মাঝে অর্থ বিতরণ
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ গোপালপুর উপজেলার যমুনা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত তিন শতাধিক পরিবারের মধ্যে শনিবার উপজেলা প্রশাসন ত্রাণসামগ্রী বিতরণ করে। সোনামুই বাজারে এক লক্ষ টাকা এবং ৭ টন চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু এবং উপজেলা নির্বাহী অফিসার তানজিনা ইসলাম।
ত্রিশালে বিএনপির কর্মী সভা
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল আন্দোলনকে জোরদার করতে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে কাঠাল ইউনিয়নের ওয়ার্ড বিএনপির এক কর্মী সভা গতকাল শনিবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রিশাল উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মাহবুবুর রহমান লিটন।
নরসিংদীতে পল্লী চিকিত্সকদের সভা
নরসিংদী প্রতিনিধি \ বাংলাদেশ পল্লী চিকিত্সক সমিতি নরসিংদী জেলা কমিটির এক সভা গত শুক্রবার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা কমিটির সভাপতি ডাঃ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় সভাপতি ডাঃ মোঃ সবুজ আলী। সভায় বক্তারা অভিযোগ করেন, নতুন আইন তৈরি করে সারাদেশে পল্লী চিকিত্সকগণকে হয়রানি করা হচ্ছে। এ আইনের ফলে পল্লী চিকিত্সকগণ তাদের নামের পূর্বে ডাক্তার পদবী ব্যবহার করতে পারবেন না। এই আইন অবিলম্বে বাতিল করার জন্য সরকারের প্রতি তারা দাবি জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , ডাঃ অর্জুন কুমার দাস, ডাঃ শফিউল আলম,ডাঃ গোলাম মোস্তফা, ডাঃ নিলেন্দু চক্রবর্তী, ডাঃ আমিনুল ইসলাম প্রমুখ।
রায়পুরে নাগরিক ঐক্য সমন্বয় কমিটি গঠন
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ এমএ খায়ের প্রধান সমন্বয়ক ও এডভোকেট আবদুল মজিদকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট রায়পুর উপজেলা নাগরিক ঐক্য সমন্বয় কমিটি গঠিত হয়েছে। সদস্য সচিবের অফিস কক্ষে গঠিত কমিটিতে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য হামদে রাব্বি, আবদুল বারাকাত দুলাল ও মনোয়ার হোসেন মুনাব্বর।
টেকেরহাটে ‘নিরাপদ সড়ক-আমাদের দায়িত্ব’ শীর্ষক কর্মশালা
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা \ টেকেরহাট বন্দর সংলগ্ন স্বনামধন্য এনজিও প্রতিষ্ঠান “গণ উন্নয়ন প্রচেষ্টা”র খালিয়া শান্তি কেন্দ্রে “নিরাপদ সড়ক-আমাদের দায়িত্ব” শীর্ষক দিনব্যাপী আঞ্চলিক কর্মশালার আয়োজন করে। সংস্থার নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নাসিরউদ্দীন-এর সভাপতিত্বে গতকাল শনিবার প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ নুর-উর-রহমান, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগী (এআরআই) অধ্যাপক ড. মাহবুবুল আলম তালুকদার প্রমুখ।
ডিমলায় ধর্ম মন্ত্রণালয়ের চেক বিতরণ
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় গতকাল শনিবার ধর্ম মন্ত্রণালয়ের ৯টি চেক বিতরণ করা হয়। ডিমলার ৮টি মসজিদ ও ১টি ঈদের মাঠ মেরামতের জন্য ১ লক্ষ ৫২ হাজার টাকার চেক বিতরণ করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী। এ সময় জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল গফুর সরকার, জাকারিয়া হোসেন রাজু, সদর ইউপি চেয়ারম্যান ও জাপা সম্পাদক রফিজুল ইসলামসহ ইউনিয়নের জাতীয় পাটির নেতারা উপস্থিত ছিলেন।
বাজিতপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ গত শুক্রবার বাজিতপুরে জাগো বন্ধু সংগঠন এসএসসি, এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং ডিগ্রি (পাস) পরীক্ষায় প্রথম শ্রেণী প্রাপ্ত মোট ১০৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ এ.কে.এম নূরুন্নবী বাদল। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ‘জাগো বন্ধু’র সভাপতি মোহাম্মদ শরীফ খান, অধ্যাপক কন্টিরাম দাস প্রমুখ।
ঠাকুরগাঁওয়ে জিপিএ-৫ প্রাপ্তদের আর্থিক সহায়তা
ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৫৫ জন হতদরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে আমেরিকা প্রবাসী পরিচালিত ওয়েল ফেয়ার ফাউন্ডেশন। গত শুক্রবার বালিয়াডাঙ্গী উপজেলা মিলনায়তনে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম চৌধুরী। ঠাকুরগাঁও ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সমন্বয়কারী মোস্তাক আলম টুলুর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাইজুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ আলী প্রমুখ।
টেকনাফ সীমান্ত দিয়ে ১৩ রোহিঙ্গা ফেরত
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা \ টেকনাফ সীমান্ত দিয়ে ১৩ রোহিঙ্গা নাগরিককে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি। ১৩ সেপ্টেম্বর শনিবার ভোরে ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ানের আওতাধীন টেকনাফ বিওপি বিজিবির জওয়ানরা আড়াই নং ও নাইট্যংপাড়া সীমান্ত দিয়ে পৃথক অভিযান চালিয়ে মিয়ানমার এক মহিলাসহ ১৩ জন রোহিঙ্গাকে অনুপ্রবেশকালে আটক করে। পরে এদের টেকনাফ পুরাতন ট্রানজিট ঘাট সীমান্ত দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে বলে জানায়, ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন পরিচালক (ভাঃ) মেজর মোঃ সফিকুর রহমান।
সৈয়দপুরে কৃষকদের বিনামূলে সার বীজ বিতরণ উদ্বোধন
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুরের কৃষকদের মধ্যে বিনামূল্যে ভিত্তি পাট বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোমায়রা মন্ডল হিমুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার মিঞা, উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।
