রিয়াল মাদ্রিদ ওজিলের উপর আস্থা রাখেনি, ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দেয়া জার্মান তারকার এ কথার জবাব দিয়েছেন স্পানিশ জায়ান্টদের কোচ কার্লো আনচেলত্তি। তিনি এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘ওজিলের অনেক কথা শুনেছি। এবার আমি আমাদের কথা বলতে চাই। ওজিলের দাবি, তার উপর নাকি আমাদের আস্থা ছিল না। কিন্তু এ মৌসুমের প্রথম তিনটি ম্যাচের দু’টিতেই তাকে খেলানো হয়েছে।’ আনচেলত্তি মনে করেন, ইসকোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিয়েই উদ্বিগ্ন ছিলেন ওজিল যিনি রিয়ালের হয়ে ১৫৯ ম্যাচে ১০৮ গোল করেছেন। কিন্তু তার চলে যাওয়াটা ক্লাবের উপর কোনো প্রভাব ফেলবে না বলেই মনে করেন ইতালিয়ান কোচটি, ‘তার জায়গায় খেলার মতো আমাদের একাধিক বিকল্প আছে। তাই সে চলে যাওয়ায় আমাদের অসুবিধা হবে না।’ এদিকে গতকাল সান্ডারল্যান্ডের বিপক্ষে আর্সেনালের ১-০ গোলের জয়ের মধ্য দিয়ে অভিষেক নেয়া ২৪ বছর বয়সী ওজিল দলের জয়সূচক গোলটিতে সাহায্য করেন।
