প্রধানমন্ত্রী প্রার্থী হলেও মোদী মার্কিন ভিসা পাবেন না

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০২
ভারতে ২০১৪ সালে অনুষ্ঠিতব্য লোকসভা নির্বাচনে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী প্রার্থী করলেও তাকে মার্কিন ভিসা দেয়ার ব্যাপারে নমনীয় আচরন করা হবে না বলে জানিয়েছে ওয়াশিংটন। তাকে ভিসা দেওয়ায় ব্যাপারে যুক্তরাষ্ট্রের নীতি অপরিবর্তিত থাকবে। শনিবার মার্কিন পররাষ্ট্র দফতর এ কথা জানায়। গুজরাট দাঙ্গায় সম্পৃক্ততার অভিযোগে ২০০৫ সালে মার্কিন কনস্যুলার বিভাগ নরেন্দ্র মোদীর ‘কুটনৈতিক ভিসা’ আবেদন প্রত্যাখ্যান করে। এরপর তাকে আর যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। শুক্রবার ভারতের বিজেপি আগামী লোকসভা নির্বাচনে মোদীকে প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করে। এরপর তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মেরি হ্যারফ সাংবাদিকদের বলেন, ‘আমাদের দীর্ঘদিনের ভিসা নীতির কোন পরিবর্তন হয়নি।’ তিনি বলেন, ‘গুজরাটের মুখ্যমন্ত্রী ইচ্ছা করলে ভিসার জন্য আবেদন করতে পারেন। তবে তাকে অন্যান্য প্রার্থীর মতোই আবেদন পর্যালোচনার জন্য অপেক্ষা করতে হবে। ’ যোগ্যতার মাপকাঠি আগের মতোই থাকবে। অর্থাত্ আগে যে কারণে মোদীর ভিসা আবেদন বাতিল হয়েছিল, এবারও সেই কারণটি সামনে আসবে। উল্লেখ্য, ২০০২ সালে গুজরাটে ভয়াবহ সামপ্রদায়িক দাঙ্গা ও প্রাণহানির ঘটনায় সংশ্লিষ্টতার জন্য ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদীকে অভিযুক্ত করা হয়। ওই দাঙ্গায় দুই হাজারেরও বেশি মানুষ মারা যায় যাদের অধিকাংশই মুসলমান।