উড়িষ্যায় বন্দুকযুদ্ধে ১৪ নকশাল বিদ্রোহী নিহত

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০২
ভারতের উড়িষ্যা রাজ্যে স্পেশাল অপারেশন গ্রুপের অভিযানে ১৪ নকশাল গেরিলা নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন মহিলা রয়েছেন। উড়িষ্যার মালকানগিরি জেলায় গতকাল শনিবার এ অভিযান পরিচালনা করা হয় বলে পুলিশ জানিয়েছে। মালকানগিরি জেলা নকশালদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এবং এটি মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড় রাজ্যের কাছে অবস্থিত। উড়িষ্যা রাজ্যে এটিই হচ্ছে মাওবাদী গেরিলাদের সবচেয়ে বড় হতাহতের ঘটনা।ভারতের কোনো কোনো গণমাধ্যম বলেছে- কয়েক মিনিটের বন্দুকযুদ্ধে এসব নকশাল নিহত হয়েছে। তাত্ক্ষণিকভাবে এতে নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হয়েছে কিনা- জানা যায়নি। খবরে দাবি করা হয়েছে -জেলা পুলিশ সুপার অখিলেশ্বর সিংয়ের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালানোর সময় মাওবাদীরা প্রথম গুলি ছোঁড়ে। ওই দলে মালকানগিরি জেলার স্বেচ্ছাসেবকরা ছিল। উড়িষ্যা রাজ্য পুলিশের মহাপরিচালক সুমেন্দ্র প্রিয়দর্শী বলেছেন, অভিযানে অনেক অস্ত্র-শস্ত্র উদ্ধার হয়েছে। মাওবাদী আন্দোলনকে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করা হয়। মাওবাদী গেরিলা দের দাবি- তারা দরিদ্র ও ভূমিহীনদের অধিকার আদায়ে সংগ্রাম করছে।