কানাডায় পদ্মা দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ১৯ সেপ্টেম্বর

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৭
পদ্মা সেতু দুর্নীতি মামলার শুনানির তারিখ আরেক দফা পিছিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর করা হয়েছে। এদিকে কানাডিয়ান আদালতে বিচারাধীন পদ্মা সেতুর দুর্নীতির মামলার অন্যতম অভিযুক্ত এসএনসি লাভালিনের আন্তর্জাতিক প্রকল্পের সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইল অপর আসামি তার সুপারভাইজার রমেশ শাহ’র বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় ইসমাইল অভিযোগ করেন, এসএনসি-লাভালিন থেকে তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। সেজন্য তিনি ৩ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেন। ইসমাইল দাবি করেন, বিভিন্ন দেশে প্রকল্পের কাজ পেতে সম্ভাব্য উেকাচ প্রতিশ্রুতিকে ‘পিসিসি’ সাংকেতিক নামে ব্যবহার করা হতো। বিভিন্ন প্রকল্পের কাজে ‘পিসিসি’ দেয়ার জন্য তার ওপর চাপ প্রয়োগ করা হয়েছে। এজন্য তিনি মানসিকভাবে বিকালঙ্গ হয়েছেন। এদিকে গত ৯ সেপ্টেম্বর টরন্টোয় অন্টারিও সুপিরিওর কোর্ট অব জাস্টিসের প্রসিকিউটর ৪/৯ কোর্ট রুমে অনুষ্ঠিত পদ্মা সেতু দুর্নীতি মামলার মূল শুনানি আবারো আরেক দফা পেছালো। পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে আগামী ১৯ সেপ্টেম্বর। এটর্নি জেনারেলের মিডিয়া রিলিজ সেকশন থেকে জানা যায়, জাস্টিস নর্ডি হেইমারের আদালতে ক্রাউন প্রসিকিউশনের পক্ষ থেকে প্রসিকিউটর এন্ড্রু ওয়াইজ শুনানির নতুন তারিখ ১৯ সেপ্টেম্বর প্রস্তাব করলে আদালতে তা গৃহীত হয়। এ সময় রমেশ শাহ ও মোহাম্মদ ইসমাইলের আইনজীবী ক্যাথরিন ওয়েলস এবং ডেভিড কাজিন্স উপস্থিত ছিলেন। এই নিয়ে পদ্মা সেতু দুর্নীতি মামলার শুনানি তিন দফা পেছালো।