দু’টি ৩৩ কেভি সঞ্চালন লাইনে বিপর্যয়ের কারণে গত শুক্রবার রাত থেকে সমগ্র ভোলা জেলায় বিদ্যুত্ নেই। ভোলা-বরিশাল গ্রিড সঞ্চালন লাইনের নদীর তলদেশের নতুন আন্ডার গ্রাউন্ড ক্যাবল স্থাপনের ১৮ দিনের মাথায় আবারো ২য় দফা ক্যাবল ফল্ট হলো।
ভোলা ওজোপাডিকো’র সহকারী প্রকৌশলী দুলাল চন্দ্র ঘোষ জানান, ভোলা-বরিশাল গ্রীড সঞ্চালন লাইনের কালাবদর নদীর তলদেশে আন্ডার গ্রাউন্ড ক্যাবলে ফল্ট চিহ্নিত হয়েছে। মেরামতের কাজ চলছে। উল্লেখ্য মাত্র ১৮ দিন পূর্বে এ সঞ্চালন লাইনে আন্ডার গ্রাউন্ড ক্যাবল স্থাপন করা হয়। পটুয়াখালীর বিদ্যুত্ বিভাগের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী অনিল চন্দ্র দাস জানান, নদীর তলদেশের জন্য আন্ডার গ্রাউন্ড ক্যাবল নয়-এখানে উপযোগী হচ্ছে সাব মেরিন ক্যাবল। বরিশাল-ভোলা সঞ্চালন লাইনে সাড়ে তিন কি:মি: নদীর তলদেশে সাব মেরিন ক্যাবলের বদলে আন্ডার গ্রাউন্ড ক্যাবল ফেলার কারণে সমগ্র লাইনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। একারণে পরপর দু’দফা ক্যাবল বিপর্যয় ঘটেছে বলে বিদ্যুত্ বিশেষজ্ঞরা মনে করেন ।
অপরদিকে ভোলা-পটুয়াখালী গ্রীড সঞ্চালন লাইনের ওভার হেড অংশও ব্যাপক বজ্রপাতের কারণে শুক্রবার রাত থেকে বিকল হয়ে যায়। স্বরাষ্ট্রমন্ত্রীর চরফ্যাশন ও মনপুরায় পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন উপলক্ষে নানা অনুষ্ঠান থাকায় ৮ ঘন্টা কাজ করে কোন রকমে দুপুর থেকে ঐ এলাকায় সীমিত বিদ্যুত্ চালু করা হয়।
বিকেল সাড়ে ৫টায় শুধু মাত্র ভোলা শহরের গুরুত্বপূর্ণ অংশে সীমিত বিদ্যুত্ দেয়া হয়। এ ছাড়া জেলার সিংহভাগ এলাকা অন্ধকারে। পাশাপাশি ৩৪.৫ মেগাওয়াট রেন্টাল বিদ্যুত্ কেন্দ্রটিও বিকল।
