১৪০ শিক্ষক দিয়ে খুঁড়িয়ে চলছে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১৫
নানা সমস্যায় জর্জরিত উত্তরাঞ্চলের একমাত্র বিদ্যাপিঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ১৪০ জন শিক্ষক দিয়ে খুঁড়িয়ে চলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। মেয়েদের জন্য রয়েছে মাত্র একটি ছাত্রী হল। খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ৪শ’ শিক্ষক থাকার কথা থাকলেও ২শ’ শিক্ষক কর্মরত রয়েছেন। এই ২শ’ শিক্ষকের মধ্যে ৬০ জন শিক্ষক উচ্চতর শিক্ষার জন্য বিদেশে অবস্থান করছেন। ফলে মাত্র ১৪০ জন শিক্ষক নিয়ে চলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ে আলাদা কোন প্রশাসনিক ভবন না থাকায় প্রশাসনিক ভবনের কাজ চলছে একাডেমিক ভবনেই। বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে গবেষণাগারের অভাব। কোয়ার্টারের অভাবে শিক্ষক ও কর্মকর্তাদের ক্যাম্পাস ছেড়ে শহরে অবস্থান করতে হয়। আর ৩ হাজার ছাত্রছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত এর জন্য রয়েছে মাত্র ৩টি বাস। বিশ্ববিদ্যালয় ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. শাহাদত হোসেন খান জানান, গবেষণাগার এবং আধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধির প্রয়োজন। তিনি বলেন, প্রযুক্তি ও বিজ্ঞানের চর্চা করতে হলে আধুনিক সুযোগ সুবিধা দরকার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোঃ রুহুল আমীন জানান, সরকার এবং মঞ্জুরি কমিশন যে অর্থ বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তা যথেষ্ট নয়। বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদ চালু আছে। প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদের নামে নবনির্মিত একাডেমিক ভবনটি আনুষ্ঠানিক উদ্বোধন হলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস রুমের সংকট দূর হবে।